সৌরবিদ্যুতের নীরব বিপ্লবে বদলে যাচ্ছে আফ্রিকা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০৮:২১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০৮:২১:৫৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ সরবরাহের দুর্বলতা, সৌর প্যানেলের দাম কমে যাওয়া এবং বিকল্প জ্বালানির চাহিদা বাড়ায় আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে দ্রুতগতিতে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে। গবেষণা প্রতিষ্ঠান এমবার ও আফ্রিকা টেক ফিউচার্স ল্যাবের এক বিশ্লেষণে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৬ সালে আফ্রিকায় রেকর্ড ১৭ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হবে।
চীন ও অন্যান্য দেশ থেকে আফ্রিকার দেশগুলোতে সৌর প্যানেল আমদানির তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, আমদানি করা প্যানেলের প্রায় ৭৫ শতাংশ এরই মধ্যে স্থাপন করা হয়েছে। ২০২৬ সালে মহাদেশটিতে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ সৌর প্যানেল স্থাপন করা হতে পারে, যা এক বছরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির প্রায় সমান।
এরই মধ্যে ১৯টি দেশে গত বছরের তুলনায় সৌরবিদ্যুৎ স্থাপনের পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে তা বেড়েছে ছয় গুণ। যদিও অধিকাংশ সরকার হালনাগাদ তথ্য প্রকাশ না করায় প্রকৃত সম্প্রসারণ সরকারি হিসাবের চেয়েও বেশি বলে ধারণা করা হচ্ছে।
আফ্রিকায় এ বছর যে নতুন সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত হবে, তার মাত্র এক-চতুর্থাংশ আসবে বড় প্রকল্প থেকে এবং বাকি অংশের বেশির ভাগই স্থাপিত হচ্ছে বাড়ি, কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে। দুর্বল বিদ্যুৎ সরবরাহব্যবস্থার কারণে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রায় ৮০ শতাংশই রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানে। জিম্বাবুয়ের রাজধানী হারারের একটি শিল্প এলাকায় দুটি তামাকের গুদামের ছাদে লিম্পোপো ওয়ে পাওয়ার প্রকল্পের মাধ্যমে কারখানায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এ ছাড়া হারারের বাইরে সেন্ট্রাগ্রিড নামে ২৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কারিবা হ্রদের পানির ওপর ভাসমান অবস্থায় ৫০০ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির খনি, কৃষিখামার ও পর্যটনকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে এবং গ্রামাঞ্চলে জাতিসংঘের সহায়তায় মিনি-গ্রিড ও পানির পাম্প চালানো হচ্ছে।
জিম্বাবুয়ের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠনের প্রধান ইশাইয়া ন্যাকুসেন্ডওয়া সৌরবিদ্যুতের এই বিস্তারকে ‘বিস্ফোরণ’ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছাড়াই এই পরিবর্তন ঘটছে।
এক দশক আগে প্রতি ওয়াট সৌর প্যানেলের দাম প্রায় এক ডলার থাকলেও এখন তা ২০ সেন্ট বা তারও কম দামে পাওয়া যাচ্ছে। চীন থেকে ব্যাটারি আমদানিও দ্রুত বাড়ছে। তবে নিম্নমানের কিছু প্রতিষ্ঠানের কারণে গ্রাহকেরা সমস্যায় পড়ছেন এবং কোথাও কোথাও সরঞ্জামে আগুন লাগার ঘটনাও ঘটেছে। পাশাপাশি অর্থায়ন এখনো একটি বড় বাধা।
২০২৪ সালে জাতিসংঘ ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওল্ড মিউচুয়ালের গঠিত তহবিল থেকে এখন পর্যন্ত ৬০ লাখ ডলারের কিছু বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। ফলে কিস্তির সুযোগ সীমিত থাকায় বেশির ভাগ গ্রাহককে নিজেদের সঞ্চয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।
জিম্বাবুয়ের সৌরবিদ্যুৎ খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটই এই খাতের সম্প্রসারণে বড় ভূমিকা রেখেছে। এমনকি গত বছর জেনারেটর বিকল হয়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়াকে অন্ধকারের মধ্যে রাষ্ট্রীয় ভাষণ শেষ করতে হয়েছিল। চলতি বছর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিদ্যুতের দাম বাড়ায় গ্রাহকেরা সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন।
এতে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহক ও আয় হারানোর ঝুঁকিতে পড়ছে। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে বিক্রি করতে উৎসাহিত করছে। তবে এখনো পুরোপুরি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হয়নি; যেমন হারারের উপকণ্ঠের ব্যবসায়ী মাভিস মাসাকারাকে তার মাংসের ফ্রিজ সচল রাখতে জাতীয় গ্রিড, পেট্রলচালিত জেনারেটর এবং ছাদের সৌর প্যানেল; এই তিনটি সংযোগের ওপরই নির্ভর করতে হচ্ছে। তবুও কম খরচে সৌর প্যানেল ও ব্যাটারি সহজলভ্য হওয়ায় মহাদেশটির জ্বালানি খাতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স