শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ শুরু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০৭:৫৯:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০৭:৫৯:৪১ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (২১ নভেম্বর) রাতে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া, হাতে ছিল মাত্র এক বল।
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক নিকোলাস চৌধুরী। ব্যাট হাতে ৩৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ২১ রানে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
মেলবোর্নে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে ফিরিয়ে দেন জোয়েল ডেভিস। ১৩ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
তবে এরপর পাল্টা আক্রমণে ম্যাচের চিত্র বদলে দেন অধিনায়ক হ্যারি ব্রুক ও টম ব্যান্টন। তৃতীয় উইকেটে মাত্র ৩৮ বলে ৯৭ রানের জুটি গড়েন তারা। ব্রুক ছিলেন আরও আগ্রাসী। মাত্র ২৮ বলে ৬৫ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। তার ইনিংসে ছিল চারটি চার ও ছয়টি ছক্কা। ব্যান্টনের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৯ রান, যেখানে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।
ব্রুককে ফিরিয়ে এই জুটি ভাঙেন নিকোলাস চৌধুরী। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষদিকে জর্ডান কক্সের ২০ বলে ২৭ এবং লিয়াম ডসনের ১৪ বলে ১৭ রানের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার হয়ে নিকোলাস চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জেক ফ্রেজার-ম্যাকগার্ককে হারায় অস্ট্রেলিয়া। তবে স্যাম হার্পারের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মাত্র ১৫ বলে ৩২ রান করেন তিনি। অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে তার জুটি দলকে এগিয়ে নেয়।
মার্শ ৩২ বলে ৩৭ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন নিকোলাস চৌধুরী। মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৬ রান করে আউট হন এই ব্যাটার। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।
চৌধুরীর বিদায়ের পর কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। টিম ডেভিড ১৩ বলে ২০ রান করে ফিরলে দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় স্বাগতিকরা। একপর্যায়ে ১৬৮ রানে ৭ উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন হয়ে পড়ে তাদের।
তবে শেষ মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জ্যাক এডওয়ার্ডস। মাত্র ১১ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বেন ডোয়ারশুইস অপরাজিত থাকেন ২ রানে। ১৯.৫ ওভারে ১৯১ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস দুটি উইকেট নেন। এ ছাড়া লিয়াম ডসন, হেনরি ক্রোকম্ব, জেমি ওভারটন, স্যাম কারান ও আদিল রশিদ একটি করে উইকেট পান।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স