ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলাতে সফল বিজ্ঞানীরা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৭:১৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৭:১৮:২৯ অপরাহ্ন
​প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলাতে সফল বিজ্ঞানীরা ছবি : সংগৃহীত
চাঁদের মাটির অনুকরণে তৈরি মাটিতে পুষ্টিকর ও খাওয়ার উপযোগী আলু ফলাতে সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদের বুকে স্থাপিত ঘাঁটিতে অবস্থানকারী নভোচারীদের খাবারের জোগান দিতে এই গবেষণা করা হয়েছে। গবেষকেরা চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানের সঙ্গে জৈব পদার্থ মিশিয়েছেন। তারা দেখেছেন, পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ যোগ করলে পৃথিবীর মাটির মতোই ভালোভাবে আলু জন্মায়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত এই গবেষণায় ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়েছে। এটি দ্রুত পরিপক্ব হয়। আলুর খোসা লাল এবং ভেতরের অংশ সাদা।

যুক্তরাষ্ট্র ও চীন- দুই দেশই আগামী কয়েক বছরে চাঁদের বুকে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে। সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব ঘাঁটিতে অবস্থানকারী মানুষের জন্য স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, প্রয়োজনীয় সব খাবার পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানী আয়মেরিক গোয়ে বলেন, ‘অনেক ফসলের তুলনায় প্রতি একক জমিতে আলু বেশি ক্যালরি সরবরাহ করে। এটি পুষ্টিকরও। একটি কলার চেয়ে আলুতে বেশি পটাশিয়াম রয়েছে, এতে প্রচুর ভিটামিন সি ও ভালো মানের প্রোটিন আছে। এ ছাড়া আলুর তৃপ্তি সূচকও বেশি।’

বর্তমান গবেষণায় ছোট টবে আলু চাষ করা হয়েছিল। এ কারণে উৎপাদিত আলুগুলোও ছোট হয়েছে। এমনকি পৃথিবীর মাটিতে উৎপাদিত আলুগুলোর ওজনও সাধারণত ১০ গ্রামের কম ছিল।

সূত্র: রয়টার্স

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ