ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: শাহে আলম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৭:১১:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৭:৫৬:০৩ অপরাহ্ন
আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: শাহে আলম ছবি : সংগৃহীত
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে...সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলনের পর একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে। এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। এই দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে এবং লাল সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যা যা করা প্রয়োজন, আমরা করব।’

জাতীয় সংসদের গত শেষ অধিবেশনের দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন—তারা বাংলাদেশের দুএক জায়গায় দুএকটি পেট্রোল বোমা মেরে, দুএকটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে যে বাংলাদেশে অরাজকতা তৈরি করে এ দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছে, তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে একটা কিছু করবে।’

‘তাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো করে কোনো লাভ হবে না,’ যোগ করেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল, এই কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে...আগের সরকারের মতো গুম-হত্যা, গুলি চালিয়ে কিছু আমরা নির্মূল করতে চাই না, এই কারণে যা কিছু হয়েছে, আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করেছি।’

‘একটি জেলার মানুষ যদি মনে করে, তাদের ওখানে থানার প্রয়োজন নাই। সরকার ওখানে থানা রাখবে না। একটি জেলার মানুষ যদি মনে করে সরকারি অফিস আদালত এবং উন্নয়ন ওই জেলায় প্রয়োজন নাই, বর্তমান সরকার সেখানে সেটা করবে না। এটা জনগণের ওপর নির্ভর করবে যে জনগণ কী চাচ্ছে,’ বলেন শাহে আলম।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের জনগণের কাছে এটা প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল; যারা গাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে, বিভিন্ন জায়গায় বোমা মেরে, হত্যাযজ্ঞ ঘটিয়ে, গুম ঘটিয়ে বাংলাদেশে যে তাসের রাজত্ব কায়েম করেছিল ইতোপূর্বে, নতুন করে...তাদের নিজেদের জেলা যেটা মনে করে, সেই জেলা থেকে একই ঘটনা ঘটিয়ে নতুন করে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে তারা এটা প্রমাণিত হয়েছে এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা যে সঠিক, যৌক্তিক, আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ