পাকিস্তানে কমানো হলো পেট্রোলের দাম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০৩:৪১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০৩:৪১:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি মাত্র ১ রুপি কমিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, ডিজেলের (এইচএসডি) দাম লিটারে ২ রুপি বাড়ানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওজিআরএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জিও নিউজের খবরে বলা হয়, নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। আর ডিজেলের দাম হবে ৩৫৭ রুপি। ওজিআরএ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
জ্বালানি তেলের দামের স্বচ্ছতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিজেদের ওয়েবসাইটে প্রতিদিন পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ শুরু করেছে ওজিআরএ।
‘মুসলিমরা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে’, বেশি সন্তান নেয়ার আহ্বান ক্যারোলিন লেভিটের
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানির দাম পর্যালোচনার ব্যবস্থা চালু করেছিল পাকিস্তান সরকার। ওই দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।
জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহও ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তানে প্রতি ১৫ দিন পরপর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতো।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতার মধ্যে গত ৩০ অক্টোবর পেট্রোলের দাম নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন অনুমোদন করে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
নতুন পদ্ধতি অনুযায়ী, পাকিস্তান স্টেট অয়েলের (পিএসও) সংশ্লিষ্ট চালানের প্রকৃত আমদানি ব্যয়ের ভিত্তিতে পেট্রোলের আমদানি মূল্য নির্ধারণ করা হবে। দৈনিক মূল্য নির্ধারণের সময় ওই ব্যয় পাওয়া না গেলে সর্বশেষ পাওয়া চালানের প্রিমিয়াম, আনুষঙ্গিক খরচ ও শুল্ক বিবেচনায় নেয়া হবে।
স্থানীয় শোধনাগারগুলোর ক্ষেত্রে শোধনাগার থেকে সরবরাহের পর্যায়ে পেট্রোলের মূল্য নির্ধারণে ব্যবহৃত প্রিমিয়াম, আনুষঙ্গিক খরচ ও শুল্ক সাময়িকভাবে যুদ্ধ শুরুর আগের পর্যায়ের হারে নির্ধারণ করেছে দেশটির সরকার।
আমদানি মূল্য ও এর ভিত্তিতে নির্ধারিত শোধনাগার পর্যায়ের মূল্যের মধ্যকার পার্থক্য পেট্রোলিয়াম লেভি হিসাবের আওতায় শোধনাগারগুলোকে জমা দিতে হবে। এর ফলে যে আর্থিক সুবিধা তৈরি হবে, তা পেট্রোলের দাম আনুপাতিক হারে কমিয়ে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া হবে।
এ ছাড়া পেট্রোলের দামে ওঠানামা নিয়ন্ত্রণে স্বল্পমেয়াদি সমন্বয় পদ্ধতি চালু করেছে সরকার। এর আওতায় প্রিমিয়ামের পার্থক্য থেকে পাওয়া সুবিধা প্রতিদিন ব্যারেলপ্রতি ২ দশমিক ৯৫০ ডলার হারে পেট্রোলের দামের সঙ্গে সমন্বয় করা হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স