ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৩:২৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৩:২৮:১২ অপরাহ্ন
বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদ পানের জেরে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। মণিপুরের চান্দেল জেলায় ঘটেছে এ ঘটনা।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ঘটেছে মৃত্যুর ঘটনাগুলো। মৃতদের মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। খবর ইন্ডিয়া টুডের।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন, সেই সঙ্গে প্রতিরোধমূলক পদক্ষেপও গ্রহণ করেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশাসন থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তবে তাদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে চান্ডেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ