ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের পথে ট্রলারে যাত্রা: লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১১-২০২৬ ১১:৫৬:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৬ ১১:৫৬:২৩ পূর্বাহ্ন
স্বপ্নের পথে ট্রলারে যাত্রা: লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮ ফাইল ছবি
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা। তাদের যৌথ উদ্যোগে ট্রলারে থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই ট্রলারে থাকা পাচারকারীরা লাফিয়ে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসে এক দালালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি। চার দিন আগে ট্রলারে তাদের যাত্রা শুরু হয়। কিন্তু ট্রলার ছাড়ার পর থেকেই দালালরা তাদের ওপর নির্যাতন চালাতে শুরু করেন। বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ট্রলারটি তীরে পৌঁছানোর পর পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সঙ্গে জড়িত কেউ রয়েছেন কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ