ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল মেঘনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১১-২০২৬ ০৩:৪৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৬ ০৩:৪৬:২৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার উপকূলীয় এলাকায় গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদীসহ উপকূলের নদ-নদী। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জেলার সার্বিক জনজীবনেও দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষের স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে অনেকেই কাজে বের হতে পারছেন না, আবার কেউ কেউ পড়েছেন আর্থিক সংকটে।
বৃষ্টিপাত অব্যাহত থাকলে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। ভোলার চরের কৃষক আবদুল মান্নান বলেন, দুই দিনে বৃষ্টি যা হয়েছে, এখন আর না হলে আমাদের উপকার হবে। আর এভাবে হতে থাকলে তরমুজের বীজতলায় ব্যাপক ক্ষতি হবে।
একই শঙ্কার কথা জানিয়ে বৈরাগী চরের কৃষক শরীফুল ইসলাম বলেন, লাখ লাখ টাকার বীজতলা নিয়ে আতঙ্কে আছি। বৃষ্টি অব্যাহত থাকলে বড় লোকসানের মধ্যে পড়তে হবে।
কৃষি বিভাগও সম্ভাব্য ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এ বৃষ্টিপাত অব্যাহত থাকলে বীজতলা ও পাকা আমনে ব্যাপক ক্ষতি হবে। আর যা হয়েছে, এখন আর না হলে কৃষকরা লাভবান হবেন।
এদিকে, মেঘনা নদী উত্তাল থাকলেও এখন পর্যন্ত ভোলা-ঢাকা ও ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দমকা হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযান চালকদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার উপকূলজুড়ে বিরাজ করছে বৃষ্টিমুখর ও বৈরী আবহাওয়া। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়ার সর্বশেষ অবস্থার দিকে নজর রাখছেন উপকূলের মানুষ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স