ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে ব্যবসায়ী ও দিনমজুর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৩:৪০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৩:৪০:২৮ অপরাহ্ন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে ব্যবসায়ী ও দিনমজুর ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাকেনা কমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল বিক্রেতারা পড়েছেন বেশি বিপাকে। পাশাপাশি কাজ না পেয়ে হতাশ দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। বাজারে ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। দৈনন্দিন বেচাকেনা ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল বিক্রি করতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতারা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা।

কাঁচামাল বিক্রেতা তমছের জানান, দুপুর একটা পর্যন্ত মাত্র তিন টাকার মতো বিক্রি হয়েছে। বেচাকেনা না হওয়ায় খুব বিপদে আছেন। কাঁচামাল বিক্রি করতে না পারলে সেগুলো পচে নষ্ট হয়ে যাবে। এসব পণ্য বিক্রির আয় দিয়েই তার পরিবারের খরচ চলে।

রিকশাচালক মফিজ বলেন, সারাদিন রিকশা চালিয়ে যে টাকা আয় হয়, তা থেকে মালিককে ৩০০ টাকা জমা দিতে হয়। বাকি টাকা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতে হয়। কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রী নেই। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে।

এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে বেচাকেনা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে কাজ না পেয়ে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল দিনমজুর ও রিকশাচালকদের দুর্ভোগ বাড়ছে। এতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ