ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজে’র রায় বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি ইইউ’র আহ্বান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৩:২৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৩:২৮:৪৫ অপরাহ্ন
আইসিজে’র রায় বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি ইইউ’র আহ্বান ফাইল ছবি
আইসিজে’র রায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার এবং ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে মিয়ানমার আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্য বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২০ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক দপ্তরের (EEAS) মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে ইইউ বলেছে, এটি বিশ্বজুড়ে দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতি তাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। বাস্তুচ্যুতি ও সহিংসতাসহ রোহিঙ্গাদের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়। এই রায় ভুক্তভোগীদের ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার অপরিহার্যতাকে তুলে ধরেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইইউ স্পষ্ট করেছে যে, মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই আইসিজে’র রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ও অধিকার পুনরুদ্ধার এবং ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। আইসিজে-র সিদ্ধান্ত মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক আইনের অধীনে একটি বাধ্যবাধকতা।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির এই সময়ে আইসিজে-র স্বাধীনতা ও কর্তৃত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের ভূমিকার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সব রাষ্ট্রকে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ