ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৩:০৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৩:০৭:০৬ অপরাহ্ন
বগুড়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত ফাইল ছবি
বগুড়া মহানগরীর খান্দার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত গালিব (২৩) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

নিহত গালিব মহানগরীর ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মৃত মাহবুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে পাসপোর্ট অফিসের পেছনে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে একদল তরুণের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গালিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দারের পাসপোর্ট অফিস এলাকায় গালিবকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গালিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার আওতাধীন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে দ্বন্দ্বের জেরে গালিবকে ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু, মিশু ও জিসান নামে ৩ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ