ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরের বুকে শস্যের ফুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০১:২৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০১:২৯:০৬ অপরাহ্ন
পাথরের বুকে শস্যের ফুল ছবি : সংগৃহীত
 মাচায় শিম, নিচে হলুদ। একই জমিতে রয়েছে মরিচ, লাউ, ফুলকপি, বেগুন, শসা, টমেটোসহ নানা সবজি। পাশেই আখের গুচ্ছ। অদূরে দাঁড়িয়ে আছে পাহাড়। ওপারে ভারতের মেঘালয় রাজ্য। একসময় চোরাচালানের পণ্য আনা-নেওয়ার তৎপরতা চোখে পড়ত এসব এলাকায়। বিস্তীর্ণ জমি থাকত অনাবাদি। এখন সেখানে সবুজ শস্যের হাতছানি। খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার।  

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার এই দৃশ্য বদলে দিচ্ছে পাথর-বালুর জনপদ সম্পর্কে প্রচলিত ধারণা। কর্মসংস্থানের বিকল্প হিসেবে কৃষিকে বেছে নিচ্ছেন স্থানীয় তরুণরা। তাদের কেউ একসময় পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কেউ ছিলেন পাথরশ্রমিক, আবার কেউ জীবিকা নির্বাহ করতেন চোরাচালানের পণ্য বহন করে। 

সীমান্ত এলাকার জমিতে শস্য ফলানোর এই পরিবর্তনের পেছনে রয়েছেন শের তারিকুল ইসলামের মতো কয়েকজন তরুণ। নিজেদের উদ্যোগে অনাবাদি জমিতে গড়ে তুলছেন কৃষি প্রকল্প। কেউ করছেন শাকসবজি ও মসলার চাষ, কেউ তরমুজের আবাদ। পাশাপাশি গরু ও ভেড়ার খামার গড়ার পরিকল্পনাও করছেন অনেকে। তাদের উদ্যোগে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলছে। 

ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে কোম্পানীগঞ্জের কালাইরাগ ও উৎমা সীমান্ত। এর প্রাকৃতিক সোন্দর্য যে কারও মন কাড়বে। এখানকার বিস্তীর্ণ সমতল জমির নিচে রয়েছে পাথর ও বালুর স্তর। উপরিতলের মাটিতেও ফলানো যেতে পারে নানা শস্য। কিন্তু সেদিকে এতদিন খুব বেশি মানুষ মনোযোগ দেননি। তাই শত শত একর জমি আবাদ করা হয়নি। উদ্যমী তরুণরা চোখ খুলে দিচ্ছেন। তাদের হাত ধরে কৃষির অপার সম্ভাবনা দেখে কেউ কেউ এখন খুঁজছেন বিকল্প পথ।

শের তারিকুল ইসলামের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। সিলেটের এমসি কলেজে স্নাতক পাস করেছেন। কৃষিতে যাত্রা শুরু ২০১৬ সালে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে প্রথমে নিজের বাড়ির আঙিনায় সবজি চাষ শুরু করেন। পরে বড় পরিসরে কাজ করার জন্য জমি খুঁজতে গিয়ে বাড়ি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে উত্তর রনিখাই ইউনিয়নের উৎমা এলাকায় প্রকল্প গড়ে তোলেন। নাম দেন খোশরোজ বহুমুখী খামার।

গত বছর সেখানে বাণিজ্যিকভাবে সবজি ও মসলার চাষ শুরু করেন তারিকুল। প্রথমবারই সফল। এই সাফল্য তাঁকে আরও বড় পরিসরে কাজ করার সাহস জুগিয়েছে। এবার প্রায় ৯ একর জমিতে নানা ধরনের সবজি, মসলা, শস্যবীজ ও আখের চাষ করেছেন। পাশাপাশি সরিষা চাষ করেছেন। প্রস্তুতি নিচ্ছেন গম আবাদেরও।

তারিকুল ইসলাম সমকালকে বলেন, কৃষিতে তিনি ভালো সম্ভাবনা দেখছেন। এবার খামার থেকে ১৪ থেকে ১৫ লাখ টাকার সবজি বিক্রির আশা করছেন। ভবিষ্যতে গরু ও ভেড়ার খামার করার পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, সীমান্ত এলাকার এসব জমি বলতে গেলে সারা বছর পড়ে থাকত। কোনো ফসলের আবাদ হতো না। এসব পতিত জমি পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারিকুলের মতো কৃষিতে যুক্ত হয়েছেন কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মুনিরুজ্জামানও। সীমান্তের রাধানগর এলাকায় প্রায় ৩০ বিঘা জমিতে গড়ে তুলেছেন নাবিল এগ্রো ফার্ম। সেখানে সবজির পাশাপাশি ধান, সরিষা ও ভুট্টা চাষ করছেন। রয়েছে মাছ, গরু ও কবুতরের খামারও।

মুনিরুজ্জামান একসময় পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন পাথর কোয়ারি বন্ধ থাকায় বিকল্প জীবিকার সন্ধানে কৃষিতে আসেন। কয়েক বছর আগে প্রকল্প শুরু করেন। তবে গত বছর সাফল্য পেতে শুরু করেছেন।

পাথর ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সময় কৃষির প্রতি গুরুত্ব দেননি বলে জানান মুনিরুজ্জামান। তিনি বলেন, এখন বুঝতে পারছি, জমিতে শ্রম ও সময় দিলে কৃষি থেকেও ভালো আয় করা সম্ভব।

শুধু কোম্পানীগঞ্জ নয়, সিলেটের সীমান্তবর্তী অন্য উপজেলাগুলোতেও কৃষির দিকে ঝুঁকছেন তরুণরা। বিশেষ করে গোয়াইনঘাটে তরমুজ চাষের বিস্তার ঘটেছে। একসময় পাথর ব্যবসা কিংবা পাথর উত্তোলনের কাজে যুক্ত ছিলেন—এমন অনেকেই এখন তরমুজ চাষ করছেন।

গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া হাওরের বাসিন্দা ফিরোজ মিয়া, বাবুল মিয়াসহ কয়েকজন মিলে প্রায় ১৫০ বিঘা জমিতে তরমুজের আবাদ করছেন। তাদের মধ্যে অনেকে আগে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাথর কোয়ারির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর তারা কৃষিতে বিনিয়োগ করেছেন।

গোয়াইনঘাটে তরমুজ চাষের প্রসার নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনেও ইতিবাচক চিত্র ফুটে ওঠে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ওই মৌসুমে সেখানে ৪৬৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। আগের বছর আবাদ হয়েছিল ২৩৫ হেক্টর জমিতে। সারিঘাট এলাকায় গড়ে উঠেছে তরমুজের বড় বাজার। সেখান থেকে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় তরমুজ সরবরাহ করা হয়। ব্যবসায়ী ও স্থানীয় উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, সারিঘাট এলাকার তরমুজ সুমিষ্ট। এখানে প্রতিবছর অন্তত ৫০ কোটি টাকার তরমুজ বিক্রি হয়।

কৃষির দিকে আগ্রহ বাড়লেও সীমান্তের বিস্তীর্ণ জমি এখনও চাষাবাদের আওতায় আসেনি। এর প্রধান কারণ সেচের সংকট। স্থানীয় বাসিন্দা ও কৃষি বিভাগের কর্মকর্তাদের তথ্যমতে, কালাইরাগ থেকে তুরং পর্যন্ত প্রায় ৫০০ একর জমিতে সেচের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে এসব জমিতে বছরে মাত্র একবার ফসল ফলানো সম্ভব হয়। অথচ সেচের ব্যবস্থা করা গেলে বছরে তিনটি ফসল উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।

এলাকার মাটি আখ চাষের জন্য বেশ উপযোগী। এ ছাড়া বিভিন্ন জাতের কুল, আদা, হলুদ ও শাকসবজি চাষের সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় পানি না পাওয়ায় এসব ফসলের আবাদ সম্প্রসারণ করা যাচ্ছে না।

কালাইরাগ সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, তারা একসময় পাথর কোয়ারিতে শ্রমিকের কাজ করতেন। কাজ বন্ধ হয়ে যাওয়ার পর জীবিকার প্রয়োজনে চোরাচালানের পণ্য বহন করেছেন। এখন সীমান্তের বিভিন্ন স্থানে ছোট ছোট কৃষি প্রকল্প গড়ে উঠতে দেখে তারাও কৃষিতে আসতে আগ্রহী হচ্ছেন। তবে পুঁজি না থাকায় নিজেরা উদ্যোগ নিতে পারছেন না।

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসেন বলেন, একসময় এলাকার অধিকাংশ মানুষ কৃষির বাইরে অন্য পেশায় যুক্ত ছিলেন। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে। অনেকেই কৃষি প্রকল্প করার বিষয়ে যোগাযোগ করছেন এবং পরামর্শ নিচ্ছেন। চলতি মৌসুমে উপজেলায় প্রায় দুই হাজার বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। পশুর খাদ্য হিসেবে খড় উৎপাদনের একটি প্রকল্পও নেওয়া হয়েছে।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকার কৃষি সম্ভাবনা নিয়ে তাদের বিস্তারিত ধারণা নেই। তবে সেখানে যারা চাষাবাদে যুক্ত হয়েছেন, তাদের বিশেষভাবে সহযোগিতা করা হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও সার সহায়তা, প্রশিক্ষণ এবং কৃষকদের দল গঠনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

পাথর ও বালুর ওপরে সম্ভাবনাময় কৃষিজমি পড়ে থাকলেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে এত দিন যথাযথ ব্যবহার হয়নি। এখন কয়েকজন তরুণের হাত ধরে সেই জমিতেই সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। তাদের উদ্যোগ সফল হলে একদিকে যেমন অনাবাদি জমি চাষের আওতায় আসবে, অন্যদিকে পাথর ও চোরাচালাননির্ভর জীবিকা থেকে বেরিয়ে আসার পথ পাবেন আরও অনেক মানুষ।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ