ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০১:২৭:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০১:২৭:০৮ অপরাহ্ন
​আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট ​ছবি: সংগৃহীত
আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, বরং আগের নকশাতেই সরবরাহ করা হবে। নতুন এসব নোট বাজারে এলে দীর্ঘদিনের ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের সংকট অনেকটাই কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে টাঁকশাল থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছাবে এবং এরপর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে তা বাজারে ছাড়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় তা পিছিয়ে যায়।

উল্লেখ্য, দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১ হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাপায় বাংলাদেশ ব্যাংক, যাতে গভর্নরের স্বাক্ষর থাকে। আর ১, ২ ও ৫ টাকার সরকারি নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে; তবে উভয় ধরনের নোটই কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ছাপানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নোটের নকশা পরিবর্তন ও সরবরাহ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় বাজারে পুরোনো ও জরাজীর্ণ নোটের আধিক্য দেখা দেয়। নতুন নকশার নোটের সরবরাহ বাড়লে সাধারণ মানুষের এ ভোগান্তি কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ