বন্যায় ভেঙেছে পতিসর-সমসপাড়া সড়ক, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১১-২০২৬ ০১:২৪:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৬ ০১:২৪:৫৬ অপরাহ্ন
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে বন্যা ও ভারী বৃষ্টিপাতে ভেঙে বেহাল হয়ে পড়েছে পতিসর-সমসপাড়া সড়ক। গত বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন স্থানের পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০ থেকে ১২টি গ্রামের মানুষ। রোগী ও গর্ভবতী নারী পরিবহন থেকে শুরু করে কৃষিপণ্য ও মালামাল আনা-নেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পতিসর থেকে হিঙ্গলকান্দি, বড়সাওতা হয়ে সমসপাড়া হাট ও আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। দীর্ঘদিন আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়কটি পাকা করা হয়। পরে পিচঢালাই উঠে গেলে একবার সংস্কারও করা হয়েছিল। তবে গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কের বিভিন্ন স্থানের পিচঢালাই উঠে যায় এবং কিছু অংশ দেবে যায়। এতে সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জনালেন, সড়কের ভাঙা অংশ পার হতে অনেক সময় যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে হয়। বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। সড়কটির ওপর নির্ভরশীল সমসপাড়া, বড়সাওতা, মাঝগ্রাম, হিঙ্গলকান্দি ও পতিসরসহ আশপাশের ১০ থেকে ১২টি গ্রামের মানুষ।
পতিসর গ্রামের মতিউর রহমান মামুন জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কটি ভেঙে চুরমার হয়ে গেছে। এমন বেহাল অবস্থার পরও সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে।
হিঙ্গলকান্দি গ্রামের রুবেল চৌধুরী জানিয়েছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। উপজেলা ও জেলা সদরে যাওয়া, হাসপাতালে চিকিৎসা নেওয়া কিংবা হাটবাজারে যাতায়াতের জন্য তাদের এ সড়ক ছাড়া বিকল্প কোনো পথ নেই। ভাঙা সড়ক দিয়ে কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই দ্রুত সড়কটি সংস্কার করা দরকার।
ভ্যানচালক আরিফুল ইসলাম জানিয়েছেন, সড়কে বড় বড় গর্ত থাকায় অল্প পরিমাণ মালামাল নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
পথচারী মামুন হোসেন জানিয়েছেন, সড়কটি ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে যাতায়াত খরচ। আগের তুলনায় দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের।
আত্রাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নিতীশ কুমার জানিয়েছেন, সড়কটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দরপত্র আহ্বান করা হবে। দ্রুত এ প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স