জীবন পাল্টায় হলুদ মাল্টায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১১-২০২৬ ১২:১০:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৬ ১২:১০:১৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
চাকরির পেছনে না ছুটে কৃষিতে সম্ভাবনা খুঁজেছেন চুয়াডাঙ্গার জীবননগরের তরুণ উদ্যোক্তা মাসুদ। মাত্র ৮০ শতাংশ জমিতে মরক্কো জাতের হলুদ মাল্টার বাগান গড়ে তুলেছেন তিনি। প্রায় ২৩০টি গাছে এবার ধরেছে প্রচুর ফল। প্রথমবার ফল বিক্রি করেই ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই তরুণ। তার বাগান ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের মধ্যে। অনেকে সংগ্রহ করছেন চারা।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে মাসুদের মাল্টাবাগান। প্রায় তিন বছর আগে গাছগুলো রোপণ করেন তিনি। বাগান তৈরিতে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। মাসুদের ভাষায়, মরক্কো জাতের প্রতিটি মাল্টার ওজন ৫০০-৬০০ গ্রাম পর্যন্ত হয়। গাছে ফলও ধরে প্রচুর। স্বাদ, গন্ধ ও আকারের কারণে স্থানীয়ভাবে এই মাল্টার চাহিদা তৈরি হয়েছে।
মাল্টা চাষে সাফল্যের পাশাপাশি বাগান সম্প্রসারণের উদ্যোগও নিয়েছেন মাসুদ। এরই মধ্যে বাগান থেকে চারা বিক্রি শুরু করেছেন। আশপাশের গ্রাম ও শহরের অনেক তরুণ তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন।
নিজের উদ্যোগ সম্পর্কে মাসুদের ভাষ্য, এ বছর তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছেন। প্রথম বছরেই সাফল্য পেয়েছেন। তার বাগান দেখে অন্যরাও মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন।
মাসুদের এই উদ্যোগ জীবননগরের ফল চাষের ক্রমবর্ধমান সম্ভাবনারই অংশ। এরই মধ্যে পেয়ারা, আঙুর, মাল্টা, ড্রাগন, আনার ও রকমেলন চাষ করে এ উপজেলার অনেক উদ্যোক্তা সাফল্য পেয়েছেন। এসব বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। এখান থেকে ফলের চারাও সংগ্রহ করে দেশের অন্যান্য অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ করছেন অনেকে। ফল চাষে স্বাবলম্বী হয়েছেন বেশ কয়েকজন তরুণ।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জীবননগরে প্রায় ৩০০ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। উপজেলার আন্দুলবাড়িয়া, কেডিকে, বাঁকা, উথলী ও রায়পুর ইউনিয়নে এ ফলের চাষ বেশি হচ্ছে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের ভাষ্য, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে জীবননগরে মাল্টা চাষের ভালো সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে প্রায় ৩০০ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। আগামী দিনে এ আবাদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ব্যাপক উৎপাদন সম্ভব হলে মাল্টার আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স