ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিতে পুলিশের ব্যাপক অভিযান, নিহত অন্তত ৩৪

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন
হাইতিতে পুলিশের ব্যাপক অভিযান, নিহত অন্তত ৩৪ ফাইল ছবি
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্তিসাঁ এলাকায় পুলিশের ব্যাপক অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকাটি গ্যাং সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের দাবি, গ্যাংবিরোধী বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে পরিচালিত এ অভিযানে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ভেক্টাস গ্লোবালের সদস্যরাও অংশ নেন। এদিকে হাইতির বিভিন্ন এলাকায় গ্যাংগুলোর নিয়ন্ত্রণ ভাঙতে অভিযান জোরদার করেছে জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হাইতির জাতীয় পুলিশ সাঁজোয়া যান নিয়ে ওই এলাকায় অভিযান চালানোর ভিডিও প্রকাশ করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্যাংবিরোধী একটি বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান চালানো হয়। ওই বাহিনীতে ভেক্টাস গ্লোবালের সদস্যরাও রয়েছেন। বেসরকারি এই নিরাপত্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স। তিনি ব্ল্যাকওয়াটারেরও প্রতিষ্ঠাতা।

অভিযানে আর কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তারা বলেছে, হাইতিতে অবস্থানরত এল সালভাদরের প্রায় আড়াই হাজার সেনার কেউ এ অভিযানে অংশ নেননি।

মার্তিসাঁ এলাকাটি এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত, যা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে হাইতির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের শহরগুলোর যোগাযোগ স্থাপন করেছে। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ শুরুর আগে প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করতেন।

২০২২ সালের জুলাইয়ে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, পরবর্তী সহিংসতার কারণে অন্তত ১৯ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ