টাইমের ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় আলিয়া-আরিয়ানসহ আরও যারা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ০৩:১৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ০৩:১৬:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত সাময়িকী টাইমের প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, নির্মাতা আরিয়ান খান, সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ ও অনিরুদ্ধ রবিচন্দর। ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রভাব তৈরিতে ভূমিকা রাখা উদীয়মান ব্যক্তিত্বদের স্বীকৃতি দিতে এ তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি।
বিনোদন ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্বদের নিয়ে সাজানো হয়েছে এই তালিকা। এতে চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া, অভিনেতা জিতেন্দ্র কুমার, সামান্থা রুথ প্রভু, আলি ফজল, সাই পল্লবী, ঈশান খট্টর, নয়নতারা, ভিকি কৌশল ও বেদাং রায়নার নামও রয়েছে।
এছাড়া তালিকায় স্থান পেয়েছেন অনুপর্ণা রায়, আরুশি মুদগল, ইপশিতা চক্রবর্তী সিং, পা রঞ্জিত ও জাহান কাপুরসহ আরও অনেকে।
সংগীতাঙ্গন থেকে স্বীকৃতি পেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ও অনিরুদ্ধ রবিচন্দর ছাড়াও আরিভু, ফাহিম আবদুল্লাহ, ঈশান ঘোষ, জসলিন রয়্যাল ও প্রতীক কুহাদ।
তালিকা প্রকাশ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর মুম্বাইয়ে প্রথমবারের মতো ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া গালা’র আয়োজন করবে সাময়িকীটি। এতে তালিকাভুক্ত ব্যক্তিত্বদের পাশাপাশি বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ সংগীত পরিবেশন করবেন ফাহিম আবদুল্লাহ।
তালিকায় জায়গা পাওয়া আরিয়ান খান গত বছর নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘দ্য বা***স অব বলিউড’-এর মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা থেজা রিও তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যাংঘ’-এর জন্য পরিচিতি পেয়েছেন। ২০২৬ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্ল্যাটফর্ম পুরস্কার অর্জন করে।
এ তালিকায় থাকা পায়েল কাপাডিয়াও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত নির্মাতাদের একজন। ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে তার প্রথম কাহিনিচিত্র ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ গ্রাঁ প্রি পুরস্কার জয় করে। একই ছবির জন্য গোল্ডেন গ্লোবের সেরা পরিচালকের বিভাগেও মনোনয়ন পেয়েছিলেন তিনি।
টাইমের এই উদ্যোগকে ভারতের বিনোদন, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে উঠে আসা নতুন প্রজন্মের প্রতিভাবান ব্যক্তিত্বদের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স