‘আমি মরা ভাই নেব না’, নিহত বিএনপি নেতার বোনের আহাজারি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ০২:১৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ০৩:৩৬:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’- নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতার বোনের এমন আহাজারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন। উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর স্বজন ও নেতাকর্মীদের আহাজারি করতে দেখা যায়। এ সময় নিহত সোহেল রানার বোনকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে।’
নড়াইলের পুলিশ সুপার শিকদার আল-মামুন জানান, নিহত শেখ শাহীন কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে এবং সোহেল বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। সেটি বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা জানান, আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চারশ নেতাকর্মী। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এদের মধ্যে শেখ শাহিন, সোহেল মোল্লা ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবনতি ঘটলে খুলনা নেওয়ার পথে শাহীন ও সোহেল মারা যান।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স