বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ০১:৩৭:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ০১:৩৭:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বুধবার (১৮ নভেম্বর) কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সপ্তম এয়ার ট্রান্সপোর্ট সম্মেলনের ফাঁকে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিতের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এসব কথা বলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে আইসিএওর সহযোগিতা কামনা করেন। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন-সংশ্লিষ্ট শিক্ষা, বিশেষায়িত একাডেমিক কার্যক্রম ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে টেকসই দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন মন্ত্রী।
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনার ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অপরদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিত এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
কারিগরি সহযোগিতার অংশ হিসেবে মন্ত্রী সরকারি পর্যায়ে (জি-টু-জি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহযোগিতায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান।
এ ধরনের সহযোগিতা বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং বাংলাদেশের কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। সূত্র: বাসস
বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স