মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দিল আ.লীগের নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ০১:২২:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ০১:২২:৩১ অপরাহ্ন
থানা প্রাঙ্গণে গাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে জড়ো হয়। এসময় গেট ভেঙে থানায় প্রবেশ করে থানা ভবন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা থানা ভবনে আগুন ধরিয়ে দেন।
এদিকে, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুরের একটি শাখায় ভাঙচুর ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর চালায় অবরোধকারীরা।
এছাড়া, জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স