শীতে যে তিন কারণে বাড়ে হৃদরোগের ঝুঁকি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ১২:৪৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ১২:৪৭:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
হৃদরোগ যখন-তখন যেকোনো বয়সেই হানা দিতে পারে। চল্লিশের কোঠায় থাকা ব্যক্তিদের পাশাপাশি বিশ বা ত্রিশের কোঠায় থাকা তরুণরাও এখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। জীবনযাপনে অনিয়ম যেমন হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, তেমনই আবহাওয়ার পরিবর্তনও ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। বিশেষ করে শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।
হৃদরোগ রাতারাতি বাসা বাঁধে না। হৃৎপিণ্ড যে ছন্দ হারাচ্ছে, তার সংকেত আগে থেকেই পাওয়া যায়। শীতের সময়ে রক্তনালি দ্রুত সংকুচিত হয় বলে বিপদও আসে তাড়াতাড়ি।
রক্তনালির সংকোচন
সুস্থ মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে ৬০ থেকে ৮০ বার পাম্প করে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরের কোষে কোষে পৌঁছে দেয়। এই পাম্প করার প্রক্রিয়া সচল রাখতে হৃৎপিণ্ডের নিজস্ব পেসমেকার থাকে, যাকে সাইনাস নোড বা এসএ নোড বলা হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ সুশান্ত মুখোপাধ্যায় জানান, এই সাইনাস নোডের কাজ হলো হৃৎস্পন্দন তৈরি করা। এটি ২৪ ঘণ্টা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে, যার ফলে হৃৎস্পন্দন স্বাভাবিক থাকে এবং বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু এই প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে হৃৎস্পন্দন অনিয়মিত হতে শুরু করে। শীতে রক্তনালি বেশি সংকুচিত হয় বলে রক্তপ্রবাহে বাধা তৈরি হয়। এতে রক্তচাপ বাড়ে এবং হৃৎস্পন্দনে পরিবর্তন এসে বিপদের ঝুঁকি তৈরি হয়।
রক্ত জমাট বাঁধার প্রবণতা
কম তাপমাত্রার কারণে রক্তে থাকা প্লেটলেট এবং রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিনগুলোর (যেমন ফাইব্রিনোজেন) ঘনত্ব ও কার্যকারিতায় কিছুটা পরিবর্তন আসে। ঠান্ডায় রক্ত কিছুটা ঘন হয়ে যায়, ফলে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বাড়ে। যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে, পরিবারে হৃদরোগের ইতিহাস আছে কিংবা কোলেস্টেরল বেশি, তাদের এ সময় রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।
হরমোনের পরিবর্তন
ঠান্ডায় শরীর থেকে অ্যাড্রেনালিন ও নর-অ্যাড্রেনালিনের মতো হরমোন অতিরিক্ত নিঃসৃত হয়। এসব হরমোন রক্তনালিকে আরও সংকুচিত করে এবং হৃৎস্পন্দনের গতি বাড়িয়ে দেয়। এর ফলে রক্তচাপ বাড়ে ও হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের রক্তে শর্করা ও রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে এ ঝুঁকি আরও বেড়ে যায়।
সূত্র: আনন্দবাজার
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স