ঘূর্ণিঝড় ‘আকভান’: সেন্ট মার্টিনে আটকা প্রায় এক হাজার পর্যটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ১২:৩১:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ১২:৩১:১৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ সেখানে অবস্থান করছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘দ্বীপে এক হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফেরার ব্যবস্থা হবে।’
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দপ্তর এ নির্দেশনা জারি করেছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিনসহ বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া অনুকূলে এলে তারা একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স