ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১২:২১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১২:২১:৫৯ অপরাহ্ন
​বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু ​ছবি: সংগৃহীত
বলিউডের সংগীতজগতে আগের মতো সৃজনশীলভাবে কাজ করার স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তার মতে, এখনো ভালো গান তৈরি হচ্ছে এবং প্রতিভাবান সংগীত পরিচালকও রয়েছেন। তবে গান তৈরির ক্ষেত্রে আগের মতো পরীক্ষা-নিরীক্ষা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ অনেকটাই কমে গেছে।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের সংগীতজগতের পরিবর্তন নিয়ে নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা জানান ৬৯ বছর বয়সী এই শিল্পী।

চার দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত কুমার শানু নব্বই ও দুই হাজারের দশকের সংগীতচর্চার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন।

তিনি জানান, আগে সংগীত পরিচালক, গীতিকার ও শিল্পীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পর্যাপ্ত সুযোগ পেতেন। একটি নির্দিষ্ট পরিস্থিতির জন্য সংগীত পরিচালক চাইলে ১০টি ভিন্ন সুর তৈরি করতে পারতেন। পরে পুরো দল একসঙ্গে বসে সেগুলোর মধ্য থেকে সেরা সুরটি বেছে নিত। তাঁর ভাষায়, চারপাশে তখন সৃজনশীলতার চর্চা ছিল। শিল্প বলতে সেটাকেই বোঝায়।

বর্তমান সময়ে সংগীত প্রযোজনায় প্রযুক্তির ব্যবহার নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন কুমার শানু। তাঁর মতে, অটো-টিউন ও মেলোডাইনের মতো প্রযুক্তি গান তৈরির প্রক্রিয়াকে অনেক সহজ করেছে। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে।

আগে একটি গান এক বা দুইবারের চেষ্টাতেই রেকর্ড করা সম্ভব হতো। সামান্য ভুল হলে সংশ্লিষ্ট অংশটুকু আবার রেকর্ড করতে হতো। এতে শিল্পীদের মধ্যে মনোযোগ, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় থাকত। কিন্তু এখন অনেক ক্ষেত্রে একটি গানের প্রতিটি শব্দ আলাদাভাবে রেকর্ড করা হয়।

কুমার শানুর মতে, ভুল করার ভয় না থাকলে কাজের প্রতি নিষ্ঠাও কমে যায়। আর নিষ্ঠার অভাব দেখা দিলে কাজের প্রতি সেই গভীরতাও আর বজায় থাকে না।

তবে প্রযুক্তির ব্যবহারকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না এই সংগীতশিল্পী। তাঁর মতে, প্রযুক্তির ভালো ও মন্দ—দুই দিকই রয়েছে। এটি গান গাওয়া ও নাচের কাজ সহজ করেছে। কিন্তু প্রযুক্তির মাধ্যমে প্রকৃত শিল্প সৃষ্টি সম্ভব নয়। শিল্পের উৎস সৃষ্টিকর্তা কিংবা বংশপরম্পরায় পাওয়া প্রতিভা।

বর্তমান সময়ের সংগীত সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে কুমার শানু বলেন, এখনো অনেকেই ভালো গান তৈরি করতে সক্ষম। বর্তমান সময়ের সব গান খারাপ, এমন ধারণা তাঁর নেই। বরং গান তৈরির ক্ষেত্রে সৃজনশীল স্বাধীনতার ঘাটতিই তাঁর মূল উদ্বেগ।

সম্প্রতি ২১ বছর পর আবারও সংগীতশিল্পী উদিত নারায়ণের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। দীর্ঘ বিরতির পর দুই জনপ্রিয় শিল্পীর এই পুনর্মিলন সংগীতপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

চার দশকের সংগীতজীবনে বলিউডের গানের নানা পরিবর্তন প্রত্যক্ষ করেছেন কুমার শানু। তবে তাঁর কাছে সংগীতের প্রকৃত সৌন্দর্য এখনো স্বাধীন সৃজনশীলতা, নিষ্ঠা ও আবেগের মধ্যেই নিহিত।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ