ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ তিনজন জেলে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:২৩:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:২৫:৪৯ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ তিনজন জেলে ​আদালত চত্বরে মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, আসামিরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি তাদের গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি একজন বীর প্রতীক ও বয়স্ক ব্যক্তি। এসব বিবেচনায় তাঁর জামিন প্রার্থনা করেন আইনজীবী। তবে মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ জব্দ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

এ ছাড়া জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ