কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে হামলা, আগুন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০৪:৩৬:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৪:৩৭:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে একদল ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে ঢুকে এ হামলা চালায়। এতে নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে।
পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করে।
কাফরুল থানার এএসআই শিলা আক্তার বলেন, “২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে এসে ভাঙচুর ও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।”
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার বলেন, বাড়িটিতে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কোনো খবর আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে খবর পাওয়ার পর একটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। পরে আগুন নিভে যাওয়ার খবর জানানো হয়।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চু আত্মগোপনে রয়েছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স