মিলল বিশ্বরেকর্ডের স্বীকৃতি
বিশ্বের সবচেয়ে উঁচু জাদুঘর ও পর্যবেক্ষণ মঞ্চ এখন মক্কায়
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০১:১০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০১:১২:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
বিশ্বের সবচেয়ে উঁচু জাদুঘর ও খোলা আকাশের নিচে সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ মঞ্চ—দুটিই এখন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। শহরটির বিখ্যাত ক্লক টাওয়ারে থাকা এই দুই স্থাপনাকে নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি দেয়া হয়েছে। এর মধ্যে জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪২৭ মিটার এবং পর্যবেক্ষণ মঞ্চটি প্রায় ৫৬১ মিটার উচ্চতায় অবস্থিত।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশন মঙ্গলবার (১৭ নভেম্বর) এ অর্জনের কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে সৌদি আরবের অন্যতম পরিচিত এই স্থাপত্য নিদর্শনটির ঝুলিতে যুক্ত হলো আরও দুটি আন্তর্জাতিক রেকর্ড।
সংবাদমাধ্যম বলছে, মক্কার ক্লক টাওয়ারের ভেতরে অবস্থিত জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকে বিশ্বের কোনো ভবনের ভেতরে অবস্থিত সবচেয়ে উঁচু জাদুঘর হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
পবিত্র মক্কা ও মদিনায় আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুতিদের
দ্বিতীয় রেকর্ডটি পেয়েছে টাওয়ারটির খোলা আকাশের নিচে থাকা পর্যবেক্ষণ মঞ্চ। ভূপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত এই মঞ্চটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ।
দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এখান থেকে ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারাম দেখা যায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি এ দুটি রেকর্ড অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ স্বীকৃতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় ১৭ নভেম্বর।
রয়্যাল কমিশন আরও জানিয়েছে, নগরীর স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়ন, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং মক্কায় আসা লাখো হজযাত্রীর অভিজ্ঞতা আরও উন্নত করার উদ্যোগের অংশ হিসেবে এ অর্জন এসেছে।
এছাড়া মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নগরীটির আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করাও কমিশনের লক্ষ্য।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স