ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবান্ন উৎসব ও জামাই আদরে মুখর জয়পুরহাটের ঐতিহ্যবাহী মাছের মেলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন
নবান্ন উৎসব ও জামাই আদরে মুখর জয়পুরহাটের ঐতিহ্যবাহী মাছের মেলা ছবি : সংগৃহীত
শ্বশুরবাড়ির দাওয়াত, আর জামাইয়ের হাতে চাই বড় মাছ। কে কত বড় মাছ কিনলেন, কার মাছের ওজন কত-এ নিয়ে চলে এক নীরব প্রতিযোগিতা। কেউ কিনছেন ১০ কেজি, কেউ ২০ কেজি, আবার কেউবা ২৫ কেজিরও বেশি। তবে এ প্রতিযোগিতা শুধু বড় মাছ কেনার নয়, এর সঙ্গে মিশে আছে শ্বশুরবাড়ির প্রতি ভালোবাসা, পারিবারিক বন্ধন আর নবান্নের চিরচেনা আনন্দ। এমনই এক ব্যতিক্রমী উৎসবে বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে মুখর হয়ে ওঠে জয়পুরহাটের কালাই পৌরশহরের পাঁচশিরা বাজার।

অগ্রহায়ণের নতুন ধান ঘরে তোলার আনন্দকে ঘিরে প্রতিবছর বসে এই ঐতিহ্যবাহী মাছের মেলা, যা স্থানীয়দের কাছে ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। বুধবার ভোর চারটা থেকেই শুরু হয় মাছ কেনাবেচা। দূরদূরান্ত থেকে আসেন ক্রেতা-বিক্রেতারা। বাজারজুড়ে সাজানো হয় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙাস, ব্রিগেডসহ নানা প্রজাতির বড় বড় মাছ। ৩ থেকে ২৫ কেজি ওজনের মাছের পাশাপাশি ছিল আরও বিশাল আকৃতির মাছ।

এবারের মেলায় সবচেয়ে বেশি নজর কাড়ে ৩৫ কেজি ওজনের একটি কাতলা মাছ। মাছটি বিক্রি হয় ২৭ হাজার টাকায়। এ ছাড়া ২৬ কেজি ওজনের একটি সিলভার কার্প বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায়। বড় মাছের দরদাম আর কেনার ধুমে সকাল থেকেই জমে ওঠে মেলা প্রাঙ্গণ।

মেলায় আসা জামাই হুমায়ুন কবির বলেন, ‘প্রতিবছর শ্বশুরবাড়ির নবান্নের দাওয়াত আমাদের কাছে উৎসবের মতো। এখানে বড় মাছ কেনা নিয়ে একটা আনন্দের প্রতিযোগিতা থাকে। এবার ২৫ কেজি ওজনের কাতলা কিনেছি।’

আরেক ক্রেতা কবির হোসেন ১৭ হাজার টাকায় কিনেছেন ১২ কেজি ওজনের মাছ। তার ভাষায়, ‘মেয়ে-জামাই, নাতি-নাতনিদের জন্য একটু ভালো আয়োজন করতেই হয়। খরচ হলেও তাদের নিয়ে আনন্দ করার বিষয়টাই বড়।’

মাছ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, এবার মেলায় মাছের আমদানি ও বিক্রি দুটোই ভালো হয়েছে। দামও মোটামুটি স্বাভাবিক ছিল। গত বছরের তুলনায় বিক্রি বেশি হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেচাকেনাও বেশ ভালো হয়েছে।

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মেলায় বড় বড় মাছের উপস্থিতি স্থানীয় মাছচাষিদেরও উৎসাহিত করছে। তার প্রত্যাশা, এবারের মেলায় এক থেকে সোয়া কোটি টাকার মাছ কেনাবেচা হবে।

মাছ কেনার এই প্রতিযোগিতার পেছনে রয়েছে বহুদিনের পারিবারিক ঐতিহ্য। নবান্ন উপলক্ষে মেয়ের বাড়ির জামাই ও আত্মীয়স্বজনকে দাওয়াত দেয়া হয়। বাড়িতে বাড়িতে চলে পিঠা-পায়েস, খই-মুড়ির আয়োজন। নতুন ধানের ঘ্রাণে আর অতিথিদের হাসি-আড্ডায় মুখর হয়ে ওঠে প্রতিটি পরিবার। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা, কিন্তু নবান্নে জামাইদের মাছ কেনার এই প্রতিযোগিতা আজও বাংলার পারিবারিক সম্পর্ক ও লোকজ ঐতিহ্যের অনন্য এক গল্প ধরে রেখেছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ