ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বন্ড চরিত্রে রবার্ট প্যাটিনসন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-১১-২০২৬ ০৫:৫৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৬ ০৫:৫৩:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সিনেমায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬ এর ঝানু সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ‘টোয়োলাইট’ বা ‘দ্য ব্যাটম্যান’ খ্যাত তারকা রবার্ট প্যাটিনসন।
এবিসি নিউজের তথ্যানুযায়ী, কয়েক মাস ধরে চলা বাছাই প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) প্যাটিনসনের নাম ঘোষণা করে জেমস বন্ড ফ্রাঞ্চাইজি অ্যামাজন এমজিএম স্টুডিওস।
সঙ্গে সঙ্গেই সিনেমাপ্রেমিদের কাছে নিশ্চিত হয়ে যায়, কালো কোট পরা কোড নাম ০০৭ জেমস বন্ড হিসেবে ওয়ালথার পিপিকে পিস্তল হাতে প্যাটিনসনই বলতে যাচ্ছেন- আমার নাম বন্ড, জেমস বন্ড।
এবিসির খবরে বলা হয়, ৪০ বছর বয়সি প্যাটিনসনের নাম ঘোষণার আগে ০০৭-এর আনুষ্ঠানিক এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আগের সব পোস্ট সরিয়ে ফেলা হয়। পরে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে অ্যাকাউন্ট দুটিতে এক বার্তায় বলা হয়, ‘পরিচয় নিশ্চিত’। কিন্তু তখনও বন্ড প্রেমিদের উত্তেজনার পারদ চড়ছে।
এর কিছুক্ষণ পর জেমস বন্ডের চেনা পোশাকে প্যাটিনসনের একটি ছবিও প্রকাশ করে অ্যামাজন এমজিএম। ছবি প্রকাশের পর তাদের দাবি, ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরী প্যাটিনসনের হাত ধরে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।
খবরে বলা হয়, পাঁচ অভিনেতার সংক্ষিপ্ত তালিকা থেকে প্যাটিনসনকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় ছিলেন আরও দুই অভিনেতা জশ ও’কনর ও ক্যালাম টার্নারও। কিন্তু তাদের পেছনে ফেলে প্যাটিনসনই পরবর্তী বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে যান।
প্যাটিনসন বন্ড সিরিজের যে সিনেমাটিতে অভিনয় করবেন, তার নাম এখনও চূড়ান্ত হয়নি। এটি হবে বন্ড সিরিজের ২৬তম কিস্তি। এটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে থাকবেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকেল।
ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ড নিয়ে প্রথম সিনেমা আসে ১৯৬২ সালে ‘ড. নো’। এতে অভিনয় করেছিলেন শন কনারি। পরে তিনি আরও ৬টি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর এই চরিত্রে একে একে অভিনয় করেছেন জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স