পদত্যাগ করেছেন ওসমান ফারুক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১১-২০২৬ ০৪:৩৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৬ ০৫:১৫:০৪ অপরাহ্ন
ফাইল ছবি
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স