ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির তৎপরতায় ভেস্তে গেল মানব পাচারের চেষ্টা, আটক ৮

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১২:৩১:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১২:৩১:১৯ অপরাহ্ন
বিজিবির তৎপরতায় ভেস্তে গেল মানব পাচারের চেষ্টা, আটক ৮ ফাইল ছবি
সাতক্ষীরা সীমান্তের পাঁচটি স্থানে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনক ও বেপরোয়া গতিবিধি লক্ষ্য করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তে জনবল বাড়ানোর পাশাপাশি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

সীমান্ত দিয়ে অবৈধ গমনাগমন ও অনুপ্রবেশ প্রতিরোধে দিন-রাত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের চলাচলের ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করছে বিজিবি। এ ছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন বিওপিসহ সব পর্যায়ের জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ