জোহানেসবার্গ টেস্ট
জোড়া সেঞ্চুরিতে রেকর্ড রানে থামলো বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ০৪:৩৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ০৪:৩৭:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
সোমবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকটি মেয়ের তৃতীয় জন্মদিনে তাকে উৎসর্গ করেছেন এই উইকেটকিপার ব্যাটার।
তবে লিটনের সেঞ্চুরির পরও বড় সংগ্রহের পথে খুব বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। শেষ চার উইকেটে যোগ হয়েছে মাত্র ৫৩ রান।
প্রথম দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। ১৩৭ রান করা তাওহিদ হৃদয় দিনের শেষ বলে আউট হলে ভাঙে লিটনের সঙ্গে তার ২০৬ রানের রেকর্ড গড়া জুটি।
৯২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন লিটন। দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাটিং শুরু করেন তিনি।
সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকা লিটন অপেক্ষা ফুরান দিনের শুরুতেই। মার্কো ইয়ানসেনের বলে পুল করে বাউন্ডারি মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ১৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক।
সেঞ্চুরি উদ্যাপনে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পর পকেট থেকে একটি কাগজ বের করেন লিটন।
সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’ লিটনের মেয়ে আনায়রার আজ তৃতীয় জন্মদিন।
মিরাজকে ফিরিয়ে দিনের প্রথম উইকেটের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। ডেন পিটারসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ১০ রান করে ফেরেন মিরাজ। এরপরও লিটনকে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটাররা।
তবে ১২০ রানে লিটনের বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ডেন পিটারসেনের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন তিনি। এরপর হাসান মাহমুদ ১৬ ও তাসকিন আহমেদ ১৭ রান করেন। শেষ পর্যন্ত ১০১.২ ওভারে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ।
এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট দলীয় সংগ্রহ ছিল ৩২০ রান, ২০১৭ সালে পচেফস্ট্রুমে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৫ সালে চট্টগ্রাম টেস্টে করা ৩২৬ রান। এবার দুই রেকর্ডই ছাড়িয়ে গেল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৫ উইকেট নিয়েছেন। ডেন পিটারসনের শিকার ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩২৭/৬) ১০১.২ ওভারে ৪০০ (লিটন ১২০, মিরাজ ১০, হাসান ১৬, তাসকিন ১৭, ইবাদত ১*; রাবাদা ২২-৪-৭০-৫, ইয়ানসেন ২৫-৩-৮৩-১, প্যাটারসন ২২.২-৭-৯২-৪, মুল্ডার ১৫-০-৫৩-০, হার্মার ১৬-০-৮৩, মার্করাম ১-০-১-০)।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স