স্বীকারোক্তির পর তদন্ত
স্মার্ট চশমা ও এআই দিয়ে নকল করে পরীক্ষায় প্রথম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ০৩:৪৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ০৩:৫০:৩৫ অপরাহ্ন
স্মার্ট চশমা, মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় প্রতারণা করে দক্ষিণ কোরিয়ার জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় প্রথম হয়েছিলেন এক পরীক্ষার্থী। নিজের অপরাধ স্বীকার করার পর বিষয়টি প্রকাশ্যে আসলে তদন্ত শুরু করে দেশটির পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী হান ওন-সিওক জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষার প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৩৯৭ .৫। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল ছিল তার। অস্বাভাবিক এই ফলাফল ঘিরেই শুরু হয় সন্দেহ ও অনলাইনে নানা আলোচনা।
সম্প্রতি হান ওন-সিওক নিজের আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে প্রতারণার কথা স্বীকার করেন। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি ক্ষুদ্র ক্যামেরার সাহায্যে তুলে তা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনের মাধ্যমে এআইয়ের দেওয়া উত্তর নিয়ে পরীক্ষায় নকল করতেন। পরীক্ষার প্রথম ও দ্বিতীয় উভয় ধাপেই ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করেছেন তিনি।
হান’র দাবি, পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থীর কথা বিবেচনা করেই সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ অন্য প্রার্থীদের কাছে ক্ষমাও চেয়েছেন।
এ ঘটনায় জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এবং হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস। এআই ব্যবহার করে প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের পরীক্ষার ফল ও যোগ্যতা বাতিল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে।
সিউল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হানের আইনজীবীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি পাওয়ার পর মামলাটি তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মাসেও সিউলের দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এআইযুক্ত চশমা ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেন দুই শিক্ষার্থী। প্রযুক্তির অপব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা নিয়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স