ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​স্বামীকে ভয় পেয়ে রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না: রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:৩৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:৩৬:৩০ অপরাহ্ন
​স্বামীকে ভয় পেয়ে রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না: রাষ্ট্রপক্ষ ​ছবি: সংগৃহীত
শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, স্বামী সোহেল রানাকে ভয় পেতেন স্বপ্না। এ কারণে তিনি হত্যাকাণ্ডে স্বামীকে সহযোগিতা করেন।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় এ তথ্য তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ওই বেঞ্চে সোহেল ও স্বপ্নার আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গত ৭ জুন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের বাসা থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল ও তাঁর স্ত্রী স্বপ্নাসহ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল নিজের ঘরে নিয়ে রামিসাকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে গলা কেটে হত্যা করেন তিনি। অপরাধ আড়াল করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন বলেও তদন্তে উঠে আসে।

গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে মাত্র ১৯ দিনের মধ্যে আলোচিত এ মামলার বিচার শেষ হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ