হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ১২:২৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ১২:২৪:৪৭ অপরাহ্ন
ফাইল ছবি
২০২৭ সালের হজে সৌদি আরবের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সময়সীমার আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজের মূল নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়। সে সময় বাংলাদেশের জন্য সৌদি সরকারের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার কোটা অনুমোদন করে। ফলে ২০২৭ সালের হজে বাংলাদেশের মোট কোটা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
এ ছাড়া সরকারি ব্যবস্থাপনার কিছু কোটা অব্যবহৃত থাকায় সেগুলোতেও নতুন করে হজযাত্রী অন্তর্ভুক্ত করা হচ্ছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন প্রাথমিক নিবন্ধনকারীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। এর আগে অতিরিক্ত কোটা পাওয়ার আশায় ২০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী অপেক্ষমাণ ছিলেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স