অবসর ভেঙে মাঠে রোনালদিনহো, ৪৬ বছরেও মুগ্ধ করলেন সবাইকে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ১১:৫০:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ১১:৫০:৪০ পূর্বাহ্ন
ফাইল ছবি
ফুটবল মাঠে তার পায়ের জাদু একসময় মুগ্ধ করেছে পুরো বিশ্বকে। হাসিমুখে প্রতিপক্ষকে বোকা বানানো, চোখধাঁধানো ড্রিবলিং আর দুর্দান্ত সব পাসে তিনি ছিলেন অনন্য। সেই রোনালদিনহোকে আবারও দেখা গেল ফুটবল মাঠে। বয়স ৪৬, কিন্তু মাঠে ফিরে বুঝিয়ে দিলেন, পায়ের জাদু এখনো হারিয়ে যায়নি। গোল না করলেও সতীর্থকে দিয়ে গোল করিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলের এই কিংবদন্তি।
ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি সিতে ফোরলির বিপক্ষে রাভেনার হয়ে খেলতে নেমেছিলেন রোনালদিনহো। রোববারের ম্যাচে তাঁর দল জিতেছে ২-০ গোলে। রাভেনার জার্সিতে প্রথম একাদশে নেমেই নিজের সামর্থ্যের ঝলক দেখান বার্সেলোনার সাবেক এই তারকা।
ম্যাচের প্রথম গোলেও অবদান ছিল রোনালদিনহোর। একজন ডিফেন্ডারকে দূরে রেখে সতীর্থের উদ্দেশে পাস বাড়ান তিনি। সেই আক্রমণের পরের ধাপে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন জিউলিও দোনাতি। এর আগে কর্নার থেকেও দোনাতির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন রোনালদিনহো। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে বল ফিরিয়ে দেন।
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার
প্রথমার্ধের বিরতিতেই তাকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার পর রোনালদিনহোকে ঘিরে তৈরি হয় সাংবাদিকদের ভিড়। এ সময় মাঠে তার সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ গোলরক্ষক দিদা।
ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে। স্টেডিও ব্রুনো বেনেলির গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। রোনালদিনহো ও তার পরিচিত ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছিল ‘আর১০’ নামের অস্থায়ী গ্যালারি। বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়।
রাভেনার সঙ্গে রোনালদিনহোর সম্পর্ক অবশ্য নতুন নয়। গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে ক্লাবটির সঙ্গে যুক্ত হন তিনি। এরপর অবসর ভেঙে দলটির হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগের দিন মাত্র একবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা। ম্যাচের আগে প্রকাশিত দলীয় গ্রাফিকসে তাকে বাঁ প্রান্তে দেখানো হলেও মাঠে মূলত মাঝমাঠে খেলেছেন তিনি।
রোনালদিনহোর ক্যারিয়ারের সেরা সময় কেটেছে ইউরোপের ফুটবলে। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার হয়ে ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। বার্সেলোনা ও এসি মিলানের হয়ে ঘরোয়া লিগেও চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
ক্যারিয়ারে পিএসজি, গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো, অ্যাটলেটিকো মিনেইরো, ফ্লুমিনেন্স ও মেক্সিকোর ক্লাব কেরেতারোর হয়েও খেলেছেন তিনি। ক্যারিয়ারে ২৯৯টি গোল করা রোনালদিনহোর আশা ছিল, রাভেনার হয়ে ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার। এ জন্য ম্যাচে পেনাল্টি পেলে নিজেই শট নিতেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স