মানসিক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে আটক ছয়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ০৬:১৭:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ০৬:১৭:১১ অপরাহ্ন
পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয় দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড অন্য একজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকালে এনএসআইয়ের দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলো, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদের হাট এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমতপ্রতাপপুর এলাকার বিপুল (৪২), একই এলাকার সুজন আলী (৪২), হেমায়েতপুর এলাকার জুয়েল হোসেন (৩২), একই এলাকার ওয়ারেসকে (৪০) ১৫ দিন করে কারাদণ্ড এবং হেমায়েতপুর এলাকার হাফিজুর রহমান মাহফুজের (৪০) বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। অন্য একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স