হাজার টাকার টিকিট এখন মিলছে ২০০ টাকায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ০৫:২৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ০৫:২৬:৩৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিদায়ের পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। এর প্রভাব পড়েছে টিকিটের দামেও। যে গ্যালারি টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়। আগামী ১৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল দেখতে এই দামে টিকিট পাওয়া যাচ্ছে।
টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে রোববার (১৫ নভেম্বর) ফাইনালের গ্যালারি টিকিটের মূল্য ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে দাম কমানোর পরও একই টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা।
পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে শনিবার বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ। এত কম দামেও গ্যালারিতে প্রত্যাশিত দর্শক পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
গ্যালারি ভরেছিল বাংলাদেশের ম্যাচে
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ২২ হাজার আসনবিশিষ্ট জাতীয় স্টেডিয়ামে সেদিন খেলা দেখতে এসেছিলেন ২১ হাজার ৯৮৩ জন।
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে ওঠার পর থেকেই ফাইনালে খেলার স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই প্রত্যাশা শেষ হয়ে যায়।
‘বাংলাদেশ নেই, ফাইনাল দেখে কী করব?’
রোববার বিকেলে জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়ে ফাইনাল ঘিরে তেমন কোনো আয়োজন বা দর্শকদের আগ্রহ চোখে পড়েনি। আগের দিন গ্যালারিতে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা সমর্থকদের কথাতেও ফুটে উঠেছে হতাশা।
স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে তারা বলেন, ‘বাংলাদেশ নেই, এখন আর ফাইনাল দেখে কী করব? আমাদের সাফ শেষ।’
স্বাগতিকদের বিদায়ের পর ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ কতটা কমেছে, তা বোঝা যাচ্ছে টিকিটের দামেই। এখন ২০০ টাকা মূল্যেও জাতীয় স্টেডিয়ামের গ্যালারি কতটা পূর্ণ হয়, সেটিই দেখার বিষয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স