ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুটের সম্ভাবনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ০৩:১৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ০৩:২০:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এমন সম্ভাবনা দেখা গেলেও পরীক্ষার পর গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) কূপটির পারফোরেশন কার্যক্রম সম্পন্ন হয়।
বাপেক্স আরও জানায়, ড্রিল স্টেম টেস্ট শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে ডিএসটি সম্পন্ন হওয়ার পরই গ্যাসের প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। নতুন এই কূপে গ্যাসের সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের জ্বালানি খাতে ভোলার গুরুত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স