তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ০১:০৫:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ০১:০৫:৪১ অপরাহ্ন
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটির কোনো কর্তৃপক্ষের আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপের মাধ্যমে ইতালির ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট মেটাডেটা সংগ্রহ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি। এমনকি তথ্য সংগ্রহের বিষয়টি যথাযথভাবে জানানোও হয়নি।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অস্বাভাবিক উচ্চ অঙ্কের সঙ্গে তারা একমত নন।
এর আগে গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ তথ্য ব্যবহারের বিষয়ে এক দশকের বেশি সময় ধরে বাসিন্দাদের বিভ্রান্ত করার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সেটিই ছিল রেকর্ড পরিমাণ জরিমানা। তবে ওই সিদ্ধান্তের সমালোচনা করে মেটা একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘কর’ হিসেবে অভিহিত করেছিল।
ইতালিতে এবার আরোপ করা জরিমানাটি দেশটির কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি। এর আগে ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১১০ কোটি ইউরোর বেশি জরিমানা করেছিল ইতালির কর্তৃপক্ষ। পরে আপিলের পর সেই জরিমানার অঙ্ক কমিয়ে ৭৫ কোটি ২০ লাখ ইউরো করা হয়।
মেটার বিরুদ্ধে ইতালির এই জরিমানার কারণ ফেসবুকের ‘গ্যালারি সাজেশন’ ফিচার। ২০২৩ সাল থেকে চালু থাকা এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় তাদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্টের ধারণা হিসেবে দেখতে পান।
ইতালির নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, ফেসবুক অ্যাপের সব সুবিধা ব্যবহারের জন্য একবারের অনুমতি নেওয়ার ব্যবস্থা রেখেছিল মেটা। এর আগে ব্যবহারকারীদের কাছে একটি সাধারণ নোটিশ পাঠানো হতো, যেখানে অন্য কিছু ফিচার চালুর কথা বলা হয়েছিল। কিন্তু ওই নোটিশ থেকে ব্যবহারকারীরা বুঝতে পারতেন না যে এর মাধ্যমে তাদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতিও দেওয়া হচ্ছে।
এখন থেকে এই সুবিধা চালু করতে মেটাকে আলাদা ও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীর সম্মতি নিতে হবে বলে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ফিচারটি কেন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ফোনের ছবির গ্যালারিতে প্রবেশের বিষয়টি স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি কীভাবে এই সুবিধা বন্ধ করা যাবে, সেটিও ব্যবহারকারীদের জানাতে হবে।
জরিমানার অঙ্ক নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং অনিয়মের সময়কাল বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতালিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনায় প্রভাবিত হয়েছেন। যারা এখনো অ্যাপটি হালনাগাদ করেননি এবং যারা এরই মধ্যে ওই ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রে অনিয়মের প্রভাব এখনো রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
তদন্ত চলাকালে মেটার অসহযোগিতার বিষয়টিও জরিমানা নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে।
মেটার ২০২৫ সালের মোট আয় ছিল ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর প্রায় শূন্য দশমিক ৪ শতাংশের সমান জরিমানা করেছে ইতালির কর্তৃপক্ষ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স