ফ্লাইট বিপর্যয়
যুক্তরাষ্ট্রে স্থবির বিমানবন্দর, বাতিল তিন হাজারের বেশি ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-১১-২০২৬ ০৬:৫৩:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৬ ০৭:০৬:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাটের জেরে দেশজুড়ে উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) থাকার পর যুক্তরাষ্ট্রে আংশিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে এই বিপর্যয়ের রেশ কাটেনি।
শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগমনী ও বহির্গামী মিলে ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী।
ফ্লাইট তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়্যার’ জানিয়েছে, সিস্টেম বিপর্যয়ের পর শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৬টা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ডেল্টা এয়ার লাইনস ১৯ শতাংশ, ইউনাইটেড এয়ার লাইনস ১৬ শতাংশ এবং আমেরিকান এয়ার লাইনস ১৪ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফ্লাইটের নিয়মিত সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।
এদিকে এই নজিরবিহীন বিপর্যয়ের জন্য পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের রাউটারকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল এভিয়েশন প্রশাসনের (এফএএ) এই পুরোনো অবকাঠামো দ্রুত আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন নিশ্চিত করেছেন যে, এই ফ্লাইট স্থগিতাদেশ জাতীয় নিরাপত্তার প্রতি কোনো হুমকির কারণে ঘটেনি এবং সম্প্রতি ঘটে যাওয়া মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই। এ ছাড়া পরিবহনমন্ত্রী শন ডাফি এভিয়েশন ব্যবস্থার উন্নয়নে জরুরি তহবিল বরাদ্দ দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলেও আসন্ন ‘থ্যাংকসগিভিং’ ছুটির ভ্রমণে এর কোনো প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই আকাশপথের অচলাবস্থার প্রভাব পড়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর এবং দেশটির অভ্যন্তরীণ ক্রীড়াঙ্গনেও। প্যারিসের চার্লস দ্য গল, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এছাড়া ফ্লাইট জটিলতার কারণে শনিবারের নির্ধারিত বেশ কয়েকটি কলেজ ফুটবল ম্যাচের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
এমন পরিস্থিতিতে যাত্রীদের অধিকার ও করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা জানান, কোনো এয়ারলাইনস ফ্লাইট বাতিল করলে এবং যাত্রী ভ্রমণ না করার সিদ্ধান্ত নিলে টিকিটের সম্পূর্ণ অর্থ নগদ ফেরত (রিফান্ড) পাওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। এয়ারলাইনস কর্তৃপক্ষ টাকার বদলে ক্রেডিট বা ভাউচার দিতে চাইলে যাত্রীরা তা প্রত্যাখ্যান করতে পারেন।
এছাড়া দুর্যোগ বা যান্ত্রিক জটিলতায় তাৎক্ষণিকভাবে বিকল্প ভ্রমণের পরিকল্পনা করার এবং তুলনামূলক কম বিলম্বিত হয় এমন ভোরের ফ্লাইটগুলো বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স