অন্য দেশের অব্যবহৃত হজ কোটা পাবে বাংলাদেশ, সৌদির আশ্বাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১১-২০২৬ ০৬:২৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৬ ০৬:২৭:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অন্য দেশের বরাদ্দকৃত হজ কোটা পূরণ না হলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ। এতে নির্ধারিত কোটার বাইরে আরও বাংলাদেশির হজ পালনের সুযোগ তৈরি হতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে গত ৯ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বৈঠকে সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’
এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানো, পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময় জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।
বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স