আড়াই মাসে বিজিবির অভিযানে ৮৪ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১১-২০২৬ ০৩:০৮:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৬ ০৩:০৮:১১ অপরাহ্ন
ফাইল ছবি
যশোর রিজিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৪ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ২৮৩ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫২ জন আসামিকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত যশোর রিজিয়নের দায়িত্বাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে সাতটি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
এছাড়া ৩ হাজার ২৬ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৫৯ কেজি গাঁজা, ৬৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার ৫০৩ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ১১ হাজার ৬০১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়।
এসব মাদক ও চোরাচালানি মালামালের মোট মূল্য ৮৪ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ২৮৩ টাকা।
এদিকে, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় একই সময়ে অভিযান চালিয়ে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসব অভিযানে ১৬ জন আসামিকে আটক করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কেজি সার, ৬৭২ বোতল বিদেশি মদ, ০.০১২ কেজি হেরোইন, ৯০ পিস ইয়াবা, ৯১২ বোতল ফেনসিডিল, ৯৩ দশমিক ৬০৮ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের ১ লাখ ২৪ হাজার ১০৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে।
ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি।
সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞা বদ্ধ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স