বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১১-২০২৬ ০২:১৮:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৬ ০২:১৮:২০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাকে গুরুত্ব দিয়ে এখানে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
নিতাই রায় চৌধুরী বলেন, সারা দেশে থাকা প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানে অনুষ্ঠান করতে চাই।
এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।
স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালকসহ অনেকে উপস্থিত ছিলেন।
জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মারা যান তিনি। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষায় পদমদীতে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।
স্মৃতিকেন্দ্রে মীর মশাররফ হোসেনের স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন ও তার স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিও রয়েছে। এ ছাড়া এখানে রয়েছে মীরের ভাস্কর্য, সংগ্রহশালা, সভাকক্ষ, গ্রন্থাগার, পাঠাগার ও আবাসিক কর্মকর্তার কক্ষ। তবে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় দিন দিন তাদের সংখ্যা কমছে বলে জানা গেছে।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। সাহিত্যচর্চার পাশাপাশি কিছুদিন সাংবাদিকতাও করেছেন তিনি। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘রত্নাবতী’, ‘জমিদার দর্পণ’, ‘বিষাদ সিন্ধু’, ‘গো-জীবন’, ‘গাজী মিয়ার বোস্তানী’ ও ‘আমার জীবনী’।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স