ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার মোহনায় তিন দ্বীপ মিলে অবিচ্ছিন্ন ভূখণ্ড!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১১:১২:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১১:১২:৩৮ পূর্বাহ্ন
মেঘনার মোহনায় তিন দ্বীপ মিলে অবিচ্ছিন্ন ভূখণ্ড! ফাইল ছবি
মেঘনার মোহনায় দীর্ঘদিনের নদীভাঙনের বিপরীতে বিপুল পরিমাণ পলি জমে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি একক ও অবিচ্ছিন্ন ভূখণ্ডে রূপ নিচ্ছে। সাড়ে তিন দশকের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, দ্বীপ তিনটির মধ্যবর্তী অভ্যন্তরীণ চ্যানেলগুলো ক্রমাগত ভরাট হয়ে সংকুচিত হওয়ায় এগুলো একক মানচিত্রে একীভূত হচ্ছে।

আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘জার্নাল অব কোস্টাল কনজারভেশন’-এ ‘মনিটরিং দ্য ডায়নামিক ল্যান্ডফর্মস ইন দ্য মেঘনা এসচুয়ারাইন আইল্যান্ডস’ শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য (প্রযুক্তি) ড. মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল গবেষক ১৯৮৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই গবেষণা সম্পন্ন করেন। গবেষক দলে আরও রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রভাষক মো. শামীম রেজা সাইমুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম এবং গবেষক মিলন কুমার শিউলি।

গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৮৯ থেকে ২০২৫ সালের মধ্যে মেঘনা মোহনায় চারটি দ্বীপের (সন্দ্বীপ, উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচর) আশপাশের অঞ্চলে ভাঙনের তুলনায় নতুন ভূমি গঠনের হার বহুগুণ বেশি ছিল। এ সময়ে ৫৪৩ বর্গকিলোমিটার নতুন ভূমি গঠিত হয়েছে এবং সাগরে বিলীন হয়েছে মাত্র ৪৬ বর্গকিলোমিটার। এর মধ্যে সন্দ্বীপে নিট ১০৫ বর্গকিলোমিটার ভূমি বেড়েছে। স্বর্ণদ্বীপের আয়তন ১৯৮৯ সালের ৫২ বর্গকিলোমিটার থেকে বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ২৬৬ বর্গকিলোমিটারে। এছাড়া ২০০৬ সালে জেগে ওঠা ভাসানচর ২০২৫ সালের মধ্যে ১৬৫ বর্গকিলোমিটার আয়তনে পৌঁছেছে এবং আলাদা অবস্থানে থাকা উড়ির চরে নিট ৯১ বর্গকিলোমিটার ভূমি বৃদ্ধি পেয়েছে।

গবেষক দলের প্রধান ড. মো. মাহমুদুর রহমান জানান, ২০১৮ সাল থেকে শুরু হওয়া গবেষণায় তিনটি চর পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায়। ২০২৫-২৬ সালের চিত্রে দেখা গেছে, দ্বীপগুলোর ভেতরের চ্যানেলগুলো সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে এবং পুরো অঞ্চলটি অবিচ্ছিন্ন রূপ নিয়েছে। বঙ্গোপসাগরে তিনটি দ্বীপ এভাবে যুক্ত হয়ে সুবিশাল ভূখণ্ড গঠনের ঘটনা বিরল উল্লেখ করে তিনি জানান, স্যাটেলাইট বিশ্লেষণের এই ফলাফল ইতোমধ্যে প্রতিবেদন আকারে সরকারকে অবহিত করা হয়েছে। সন্দ্বীপে ভাঙা-গড়ার খেলা চললেও ২০০০ সালের পর থেকে ভূমি গঠনের গতি বেড়েছে। স্বর্ণদ্বীপ পুরোটাই বিগত ২৫ বছরে সৃষ্টি হয়েছে এবং ভাসানচর ২০১০ সালের পর থেকে ক্রমাগত বাড়ছে।

সহ-গবেষক মো. শামীম রেজা সাইমুম উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় উপকূলীয় এলাকা নিমজ্জিত হওয়ার আশঙ্কার বিপরীতে এখানে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বিপুল পলি জমার মাধ্যমে মোহনায় নতুন চর জেগে ভূখণ্ড সম্প্রসারিত হচ্ছে। তবে এই একীভূত ভূমি স্থায়ী ও স্থিতিশীল হতে আরও এক থেকে দুই দশক সময় লাগতে পারে। নতুন জেগে ওঠা এ ভূমির সুরক্ষা নিশ্চিত করতে এবং একে কার্যকর আবাসন ও কৃষিকাজে ব্যবহারের উপযোগী করতে ম্যানগ্রোভ বনায়ন ও সুরক্ষামূলক বাঁধ নির্মাণের সুপারিশ করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জোয়ার-ভাটা বা ঘূর্ণিঝড়ের তোড়ে তা পুনরায় সাগরে বিলীন হওয়ার আশঙ্কা থাকে।

জেগে ওঠা মাটির গঠনপ্রকৃতি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত হোসেন জানান, প্রাথমিক ব্যবহারের পর্যায়ে থাকা এই মাটিকে ‘এন্টিসল’ বা ‘ইয়াং সয়েল’ বলা হয়। মাটির শ্রেণিবিন্যাসে থাকা ১২ ধরনের স্তরের মতো পূর্ণাঙ্গ স্তরে রূপ নিতে শত বা হাজার বছর লাগতে পারে। চরের এই নতুন মাটি অত্যন্ত উর্বর হওয়ায় ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ রোপণ ও বনায়ন কার্যক্রম জোরদার করলে ভূমি সংরক্ষণ সহজ হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম জানান, পদ্মা, মেঘনা ও যমুনা নদীব্যবস্থা দিয়ে প্রতিবছর প্রায় এক বিলিয়ন টন পলি বঙ্গোপসাগরে পরিবাহিত হয়। এই পলিপ্রবাহের কারণে দেশের উপকূলীয় অঞ্চল একটি গতিশীল ও অগ্রসরমান বদ্বীপ হিসেবে ক্রিয়াশীল রয়েছে। উপকূলীয় গতিশীলতার কারণে অনেক সময় পলি পুনর্বিন্যস্ত হয়ে চর ডুবে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়। তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব মোকাবিলার পাশাপাশি নতুন ভূমি ধরে রাখতে সমন্বিত উদ্যোগ, বৃক্ষনিধন বন্ধ এবং প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সৃষ্টির পরামর্শ দেন তিনি, যা ভবিষ্যতে কক্সবাজারের সোনাদিয়ার মতো পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার সুযোগ তৈরি করবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম জানান, এটি অত্যন্ত সক্রিয় একটি উপকূলীয় ফ্রন্টিয়ার অঞ্চল, যেখানে একদিকে ভূমি জমাট বাঁধছে এবং অন্যদিকে ভাঙন চলছে। পর্যবেক্ষণ অনুযায়ী এই ভূমি গঠন ইতিবাচক হলেও সঠিক সংরক্ষণ ব্যবস্থা না নিলে তা পুনরায় বিলীন হওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ