নারীদের সংরক্ষিত আসন প্রথা বিলুপ্ত করার সময় এসেছে: স্পিকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৬ ০৫:৫৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৬ ০৬:৫২:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থা বিলুপ্ত করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, এই ব্যবস্থা চালু থাকলে নারীরা প্রকৃত অর্থে স্বাবলম্বী হতে পারবেন না।
এর পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান চালুর পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
ককাসের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের উপস্থিতিতে দেশের সংসদীয় রাজনীতি এবং নারী নেতৃত্বের বিকাশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
সংরক্ষিত নারী আসন চালুর ইতিহাস ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে স্পিকার বলেন, স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদে নারীরা পিছিয়ে থাকায় তাঁদের জন্য ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল। তখন ধারণা ছিল, সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই ব্যবস্থা তুলে দেওয়া হবে। কিন্তু বাস্তবে প্রতিটি সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো হয়েছে। এভাবে বর্তমানে তা ৫০টিতে পৌঁছেছে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সংরক্ষিত আসন বা মনোনয়নপ্রথা বাতিলের সময় এসেছে। এ ব্যবস্থা অব্যাহত থাকলে নারীরা নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন না এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন না। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় অনেক যোগ্য ও দক্ষ নারী নেত্রী রয়েছেন, যাঁদের সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য হওয়ার সক্ষমতা রয়েছে।
বর্তমান সংসদের নারী সদস্যদের যোগ্যতার প্রশংসা করে স্পিকার অতীতের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, আগের একটি সংসদে এমন একজন সংরক্ষিত নারী সদস্যকে দেখেছিলেন, যিনি লিখিত বক্তব্য দেখে পড়তেও পারছিলেন না। সম্ভবত তাঁর অক্ষরজ্ঞানও ভালো ছিল না। তবে এবারের সংসদের পরিস্থিতি একেবারেই আলাদা। বর্তমান সংসদের নারী সদস্যরা অত্যন্ত দক্ষ ও যোগ্য।
নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সাফল্য তুলে ধরে স্পিকার বলেন, এবারের সংসদে ছয়জন নারী ব্যারিস্টারসহ সাত-আটজন নারী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তাঁদের বক্তব্য এতটাই সুন্দর ও যুক্তিনির্ভর যে তিনি নিজেও মুগ্ধ হয়ে শোনেন। এর মধ্য দিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সমাজের অগ্রগতির বিষয়টি স্পষ্ট হয়েছে। গত কয়েক দশক ধরে দেশের শীর্ষ নেতৃত্বে নারীরা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে নারীরা সরাসরি নির্বাচনে অংশ নিয়েই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।
সংরক্ষিত আসনের পরিবর্তে বিকল্প ব্যবস্থা প্রস্তাব করে স্পিকার বলেন, প্রয়োজনে এমন আইন করা যেতে পারে, যাতে প্রতিটি রাজনৈতিক দলকে মোট আসনের অন্তত এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক হয়। এতে যোগ্য নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে সংসদে আসার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনীতি, দুর্নীতি, নির্বাচনব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়েও বক্তব্য দেন স্পিকার। তিনি বলেন, দেশের সাড়ে তিন কোটি দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সংসদের ভেতরে ও বাইরে ইতিবাচক সংস্কার আনতে সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স