৫৬ বছরেও উপকূলের নিরাপত্তা অনিশ্চিত, আতঙ্কে হাজারও মানুষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৬ ০৫:০১:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৬ ০৬:৩২:৩৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আজ ১২ নভেম্বর। বাংলাদেশের দক্ষিণ উপকূলের ইতিহাসে এক বিভীষিকাময় কালরাত। ১৯৭০ সালের এই দিনে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে প্রাণ হারিয়েছিল লাখ লাখ মানুষ। বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) তথ্যমতে, ওই দুর্যোগে আনুমানিক ৩ থেকে ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে স্বীকৃত।
সেই ভয়াল ট্র্যাজেডির ৫৬ বছর পূর্ণ হতে চললেও উপকূলের মানুষের ভাগ্য ও সুরক্ষায় আজও মেলেনি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রতিবছর ১২ নভেম্বরকে ‘জাতীয় উপকূল দিবস’ ঘোষণার দাবি জানিয়ে এলেও নীতিনির্ধারক মহলের উদাসীনতায় উপকূলবাসীর জীবন ও নিরাপত্তার বিষয়টি এখনো জাতীয় বাজেটে ও নীতিমালায় অবহেলিত থেকে গেছে।
রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি আর বড় বড় প্রতিশ্রুতির বাইরে সাতক্ষীরার উপকূলীয় জনপদের খেটে খাওয়া মানুষের প্রতিদিনের বাস্তবতা বড়োই নির্মম। এই বাস্তব চিত্রের একটি করুণ রূপ দেখা মেলে শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে।
কপোতাক্ষ নদের পাড়ে ভাঙা পায়ে একা বসে দিন কাটাচ্ছেন ষাটোর্ধ্ব অহেদ সানা। তার সামনে বয়ে চলেছে খরস্রোতা নদী, আর ঠিক পাশেই ধসে পড়েছে বেড়িবাঁধের একটি অংশ। শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো চলাচলও করতে পারেন না তিনি। বাঁধ ভেঙে নদীর লবণাক্ত পানি লোকালয়ে ঢুকলে এই বয়সে কোথায় গিয়ে আশ্রয় নেবেন—সেই দুশ্চিন্তাই এখন তার নিত্যদিনের সঙ্গী।
আর্তনাদ করে অহেদ সানা বলেন, ‘স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিন-তিনবার আমাদের পুরো বেড়িবাঁধ নদীতে বিলীন হয়েছে। এবারও জোয়ারের ধাক্কায় বিভিন্ন স্থানে বাঁধের মাটি সরে যাচ্ছে। আমার ভাঙা পা নিয়ে যদি হঠাৎ বাঁধ ভেঙে যায়, তবে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।’
ক্ষতচিহ্ন আর মানবসৃষ্ট ঝুঁকিতে জীর্ণ জনপদ শুধু অহেদ সানাই নন, পদ্মপুকুরের চাউলখোলা, খুটিকাটা, ঝাপা, কামালকাটি কিংবা পার্শ্ববর্তী গাবুরার হাজারো মানুষ আজও প্রতিনিয়ত আইলা, আম্পান আর রেমালের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতচিহ্ন নিয়ে বসবাস করছেন।
নদীবেষ্টিত পদ্মপুকুর ইউনিয়নের একদিকে কপোতাক্ষ, অন্যদিকে খোলপেটুয়া নদী। এ অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা রক্ষার একমাত্র প্রাচীর এই বেড়িবাঁধ। ২০০৯ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার সময় এই বাঁধ ভেঙে দীর্ঘস্থায়ী পানিবন্দি দশার শিকার হতে হয়েছিল এখানকার মানুষকে।
তবে নদীভাঙনের পাশাপাশি কিছু মানবসৃষ্ট কারণেও বাঁধগুলো দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগ—ইউনিয়নের বিভিন্ন এলাকার স্লুইসগেট অকেজো ও বিকল থাকায় চিংড়িঘেরে পানি তোলার জন্য বাঁধের ওপর বা বাঁধ কেটে অবৈধভাবে পাইপ বসিয়েছেন প্রভাবশালী ঘের মালিকরা। এসব পাইপের চারপাশ দিয়ে মাটি সরে গিয়ে বাঁধের কাঠামো চরম ঝুঁকির মুখে পড়েছে। জোয়ারের প্রবল স্রোতে যেকোনো মুহূর্তে এসব স্থান দিয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
খুটিকাটা এলাকার বাসিন্দা সেকেন্দার সানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আমাদের বুক কাঁপে। বাঁধ ভেঙে যাওয়ার পর জিও ব্যাগ বা নামমাত্র মাটি ফেলার নাটক না করে, দুর্যোগ আসার আগেই ঝুঁকিপূর্ণ অংশগুলো স্থায়ীভাবে সংস্কার করা দরকার।’
স্থানীয় যুবক রায়হানুল ইসলাম রাহাত যোগ করেন, ‘বর্ষা বা জোয়ারের পানি বাড়ার আগেই নড়বড়ে স্থানগুলো মেরামত না করলে আসন্ন মৌসুমে পুরো জনপদ পানির নিচে তলিয়ে যেতে পারে। আমরা জোড়াতালি নয়, টেকসই বাঁধ চাই।’
মাঠপর্যায়ের এই সংকটের বিষয়ে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আমাদের ইউনিয়নের বেশ কয়েকটি স্লুইসগেট নষ্ট থাকায় বাধ্য হয়ে অনেকে ঘেরে পানি তোলার জন্য পাইপ ব্যবহার করছেন। তবে বেড়িবাঁধ কেটে বা ওপর দিয়ে পাইপ বসানোর ফলে বাঁধের ক্ষতি হচ্ছে—এটি সত্যি। স্লুইসগেটগুলো দ্রুত মেরামত করা গেলে পাইপের ওপর নির্ভরতা কমবে এবং বাঁধের নিরাপত্তা নিশ্চিত হবে।’
এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে অবৈধ পাইপ অপসারণে অভিযান শুরু হলেও আইনি জটিলতা ও উচ্চ আদালতে মামলা চলমান থাকায় বর্তমানে সেই অভিযান স্থগিত রয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, ‘নিয়ন্ত্রণহীনভাবে পাইপ বসালে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভাঙনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, ‘যেহেতু ১২ নভেম্বর দিবসটির রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি নেই, সে কারণে সরকারিভাবে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনাও নেই। তবে স্থানীয় কোনো সংগঠন বা উপকূলের মানুষ যদি স্মারকলিপি প্রদান করেন, তবে আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।’
উপকূলবাসীর ৫ দফা প্রাণের দাবি
দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ আজ স্পষ্টতই বুঝে গেছে, কেবল দুর্যোগের পর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে উপকূল রক্ষা করা সম্ভব নয়। দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনপদ চিহ্নিত করে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে।
৫৬ বছর ধরে অবহেলিত উপকূলের মানুষের প্রধান দাবিগুলো হলো-
রাষ্ট্রীয় স্বীকৃতি: আগামী ১২ নভেম্বরকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় উপকূল দিবস’ ঘোষণা করা, বিশেষ বাজেট বরাদ্দ: উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও উন্নয়নের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা, টেকসই রিং বাঁধ নির্মাণ: জোড়াতালির সংস্কার বন্ধ করে স্থায়ী ও টেকসই রিং বাঁধ নির্মাণ করা, অবৈধ পাইপ ও স্লুইসগেট সংস্কার: বাঁধ রক্ষার্থে অবিলম্বে অবৈধ পাইপ অপসারণ এবং অকেজো স্লুইসগেটগুলো সচল করা, মৌলিক অধিকার: পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স