ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​চার বিদেশি প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কেনার অনুমোদন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:৪৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ০২:৩৩:১৮ অপরাহ্ন
​চার বিদেশি প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কেনার অনুমোদন
দেশের জ্বালানি চাহিদা মেটাতে জাপানসহ চারটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাএম), সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিং লিমিটেড, নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিতেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজ্জি জেমস বিহাইভ।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে এসব প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া পেট্রোবাংলা ও জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত কাঠামোতে স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এসব প্রস্তাব উত্থাপন করে।

এদিকে, ২০২৭ সালের পবিত্র রমজান মাসের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর কেনার ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা কমানোর নীতিগত প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। রাষ্ট্রের জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী এ প্রস্তাব উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রকল্প বাস্তবায়নে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ