ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:৫৭:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:৫৭:০২ অপরাহ্ন
​জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর ​ছবি: সংগৃহীত
তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।সম্মেলনের অংশ হিসেবে তিনি আনতালিয়া সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়নে পৌঁছান। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

প্যাভিলিয়ন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের উপস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং আন্তর্জাতিক পরিসরে দেশের জলবায়ু বিষয়ক কার্যক্রম তুলে ধরার বিষয়ে খোঁজখবর নেন।

এর আগে একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বিশ্বনেতাদের সন্মানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ নৈশভোজে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এই নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও যোগ দেন। সেখানে তারা বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হন প্রধানমন্ত্রী।

ওই বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে আঙ্কারার রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জোরালো আহ্বান জানানো হয়। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ অংশীদারত্ব জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জলবায়ু সম্মেলনের বিভিন্ন সেশনে সক্রিয় অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও জলবায়ু কূটনীতি আরও সুসংহত হচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ