ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​তেল কারচুপি, রাজধানীর তিন ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:০৮:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:০৮:১৪ অপরাহ্ন
​তেল কারচুপি, রাজধানীর তিন ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ ​ছবি: সংগৃহীত
গ্রাহকের কাছ থেকে দাম নিচ্ছে পুরো তেলের, কিন্তু সরবরাহ করছে কম—রাজধানীর তিনটি ফিলিং স্টেশনে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার পরিচালিত অভিযানে ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে চারটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়। পরে এসব ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআই। সংস্থাটির তথ্য অনুযায়ী, মালিবাগ, টিকাটুলি ও খিলগাঁওয়ের তিনটি ফিলিং স্টেশনে এ অনিয়ম ধরা পড়ে।

অভিযানে মালিবাগের চৌধুরীপাড়ায় অবস্থিত মালিবাগ অটো সার্ভিসের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে একটি ডিজেল সরবরাহকারী ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি পাওয়া যায়।

টিকাটুলির এ হাই এন্ড কোংয়ে তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি অকটেন সরবরাহকারী ইউনিটে পরিমাপে কারচুপির প্রমাণ মেলে।

অন্যদিকে, খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দুটি অকটেন সরবরাহকারী ইউনিটে কম জ্বালানি দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এভাবে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ইউনিটের মধ্যে চারটিতে অনিয়ম শনাক্ত করে সেগুলো বন্ধ করে দেয় বিএসটিআই।

বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রাহকেরা যাতে নির্ধারিত মূল্য দিয়ে সঠিক পরিমাণে জ্বালানি তেল পান, তা নিশ্চিত করতে নিয়মিত ফিলিং স্টেশনগুলোর পরিমাপযন্ত্র যাচাই ও তদারকি করা হচ্ছে।

জ্বালানি তেলের বাজারে পরিমাপে কারচুপি রোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ নজরদারি আরও জোরদার করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ