ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি, আহত তিন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:০৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:০৩:০১ অপরাহ্ন
​জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি, আহত তিন ​ছবি: সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুলগাম জেলার মীরবাজারের কাছে আখরান এলাকায় এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিআরপিএফের এক বিবৃতিতে জানানো হয়, দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আহত তিন সদস্যকে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং।

গুলিতে রাকেশ দাসের বাম পায়ে, সন্তোষ চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে এবং সোমবীর সিংয়ের বাম হাতে আঘাত লেগেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন তিনজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত।

এদিকে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও বুধবার কুলগামে অবস্থান করছিলেন। তবে হামলার সময় তিনি ঘটনাস্থলের আশপাশে ছিলেন না। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে তিন দিনব্যাপী ভেশো উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ